নওগাঁ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় একটি বাড়ি থেকে শনিবার রাতে ২২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
ছোটবেলালদহ গ্রামের নারায়ণ চন্দ্র দাসের বাড়িতে এ ডাকাতির সময় তারা পরিবারের সদস্যদের মারধরও করেছে বলে গৃহকর্তা জানান।
আহত গৃহকর্তার ছেলে লিটন দাস (৩৫) ও তার স্ত্রী চিত্রা রানী দাসকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা নারায়ণ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে সদর দরজার গ্রিলের তালা কেটে ডাকাতরা ভেতরে ঢোকে।
তারা লিটন ও চিত্রার ঘর থেকে ১০ ভরি সোনার গহনা ও ৮৫ হাজার টাকা লুট করে।
পরে নারায়ণের ঘরে ঢুকে তাকে মারধর করে আরো ১২ ভরি সোনার গহনা ও নতুন একটি মোবাইল ফোন সেট লুট করে।
ডাকাতি শেষে পরিবারের সবাইকে একটি ঘরে আটকে রেখে ককটেলের বিস্ফোরণ করে পালিয়ে যায়।
মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চালছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৮ ঘ.
bdnews24