মাদারীপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার খাগদি বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা থেকে কয়েক দফা সংঘর্ষে বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে।
নিহত রুবেল সরদার (২৭) স্থানীয় খলিল সরদারের ছেলে। আহতদের মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খাগদী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে খলিল সরদার ও হাবিব সরদারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।
শনিবার সন্ধ্যায় খলিলের ছেলে রুবেলের সঙ্গে হাবিবের বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে রুবেলকে ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৬ ঘ.
bdnews24