২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি ট্রাজেডি দিবস সামনে রেখে ক্ষোভ আন্দোলনকারীদের

ফুলবাড়ীতে কয়লা খনিবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

দিনাজপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ীতে কয়লা খনিবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে আন্দোলনকারীরা। ফুলবাড়ী ট্রাজেডি দিবসের একদিন আগে ফুলবাড়ী আন্দোলন কমিটির নেতা আমিনুল ইসলাম বাবলু শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় চুক্তির প্রতি পুর্ণ সমর্থন জানিয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। ওই চুক্তির এক সপ্তাহ পর শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে আন্দোলনরত মানুষের অভিনন্দন জানিয়েছিলেন। “কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ওই চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে এখন উল্টো চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জন্য সর্বনাশা উন্মুক্ত খনির পক্ষে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে,” বলেন তিনি। ২০০৬ সালের ২৬ অগাস্ট কয়লা খনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির মিছিল-সমাবেশে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন তিনজন। ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণের পক্ষে বলে আসছেন। ওই সময় স্বাক্ষরিত ৬ দফা চুক্তির মধ্যে আরো ছিল- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণকারীদের শাস্তি দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার। নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, মামলাও প্রত্যাহার হয়েছে। ফুলবাড়ী সেতুর কাছে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ অস্থায়ীভাবে নির্মিত হলেও অন্য দাবিগুলো পূরণ হয়নি বলে জানান ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু। ২০০৬ সালের ঘটনার বর্ণনায় তেল-গ্যাস রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিন সকাল থেকেই ফুলবাড়ীর ঢাকা মোড়ে হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। দুপুর ২টার দিকে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির বিশাল মিছিল নিমতলা মোড়ের দিকে এগোতে থাকলে পুলিশ-বিডিআর বাধা দেয়। “কিন্তু পুলিশ-বিডিআরের ব্যারিকেড ভেঙে মিছিলটি এগোতে থাকলে মিছিলের ওপর টিয়ার সেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় ২ শতাধিক। আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন,” বলেন তিনি। সেদিন উত্তেজিত জনতা ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যালয়ে ভেঙে দেয়, শুরু হয় লাগাতার হরতাল। ৩০ অগাস্ট আন্দোলন কমিটির সঙ্গে তৎকালীন সরকারের সমঝোতা চুক্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সাইফুল ইসলাম বলেন, ফুলবাড়ী খনি বাস্তবায়ন হলে ৫ হাজার ৯৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে কৃষিজমির পরিমাণ ৪ হাজার ৭৬২ হেক্টর। প্রায় ৪০ হাজার মানুষ এবং প্রায় ২০ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.