২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই করা রাসায়নিক উদ্ধার, গ্রেপ্তার ৪

কথিত ছিনতাইয়ের নয়দিন পর গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ৭৬৮ বস্তা রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

সাভার, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত ছিনতাইয়ের নয়দিন পর গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ৭৬৮ বস্তা রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অগাস্ট চট্টগ্রাম থেকে ঢাকার হাজারীবাগের উদ্দেশে রাসায়নিক ভর্তি একটি কাভার্ডভ্যান রওনা দেয়। এরপর থেকে ভ্যানসহ রাসায়নিকের কোনো সন্ধান ছিল না। দু’দিন পর ভ্যানটি পরিত্যক্ত উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে শ্রীপুরের চক্রবর্তীর মাটির মসজিদ এলাকায় একটি ব্র্যাক স্কুলের ভেতর থেকে উদ্ধার করা হয় রাসায়নিকগুলো। গ্রেপ্তার চারজন হলেন কাভার্ডভ্যানের চালক মো. মানিক (২২), সাজ্জাদ হোসেন, গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন পরিষদ সদস্য আরফান আলী এবং তার সহযোগী কামরুল ইসলাম। রোববার তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ৭৬৮ বস্তা রাসায়নিক (চামড়ার রং করতে ব্যবহৃত হয়) ভর্তি একটি কাভার্ডভ্যান গত ১৫ অগাস্ট ঢাকার হাজারীবাগের উল্কা ট্রান্সপোর্ট এজেন্সির উদ্দেশে রওনা হয়। তিনি বলেন, ভ্যানচালক মানিক জানান- পথে ছিনতাইকারীরা তাকে (মানিক) এবং তার সহকারী মাসুদকে (১৮) ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে চলে যায়। এরপর ১৭ অগাস্ট কাভার্ড ভ্যানটি শ্রীপুরের চক্রবর্তীর টেক থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উল্কা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক বাহিদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভ্যান চালক মানিককে গ্রেপ্তার করেন। মানিক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৯ অগাস্ট চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সাজ্জাদের স্বীকারোক্তি অনুযায়ী ইউপি সদস্য আরফান আলীর বাড়ির ব্র্যাক স্কুলে অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান চালকের সহকারী মাসুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা রাসায়নিকের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৭ ঘ.