ভোলা/বাগেরহাট/নীলফামারী, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা, বাগেরহাট ও নীলফামারীতে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন।
বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খালমহল মৎস্য ঘাট এলাকায় এক জেলে বজ্রপাতে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান।
নিহতের নাম নুরুদ্দীন (২৫)। বিকালে বৃষ্টির সময় খাসমহল মৎস্যঘাটে কয়েকজন জেলে জাল বুনছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই নুরুদ্দিন মারা যান।
এএসপি জানান, এ সময় আহত হন পাশে থাকা জেলে আজাদ (২৬) ও আমানত (৩০)। তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের নয়ন হাওলাদার (১১) মারা যায় বাড়ির সামনে নিজেদের দোকানে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, দুপুরে বৃষ্টির সময় আব্দুস সালাম হাওলাদার ও তার ছেলে নয়ন বাড়ির সামনে নিজেদের দোকানে বসেছিলেন। বজ্রপাত হলে নয়ন ঘটনাস্থলেই মারা যায়।
আহত সালামকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ইউপি সদস্য।
এদিকে নীলফামারীর ডোমার উপজেলায় রাতে বজ্রপাতে দাদা ও নাতি ঘটনাস্থলেই মারা গেছেন। উপজেলার উত্তর গোমনাতি মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ডোমার থানার ওসি সামসুদ্দীন আহমেদ।
তিনি জানান, দাদা শুকারু মামুদ (৬০) ও নাতি জুয়েল (১২) গোমনাতি হাট থেকে রাত ৯টায় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৩০ ঘ.
bdnews24