২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জাসদের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাসদ কর্মীদের হামলায় আহত আওয়ামীগ কর্মী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কুষ্টিয়া, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাসদ কর্মীদের হামলায় আহত আওয়ামীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহাজুল ইসলামের (২৫) মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান জানান, গত ১৫ অগাস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সলেমান মেম্বর ও জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আওয়ামীলীগ কর্মী সাহাজুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় নিহত সাহাজুলের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে সাহাজুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে ক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা স্থানীয় জাসদ সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এক জাসদ কর্মী আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ কর্মীরা কয়েকটি বাড়ি থেকে গরু-ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে বলে জাসদ নেতা কারশেদ আলম অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮১৯ ঘ.