২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক খুনের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর শোক

রাজধানীতে নিজের বাসায় দুর্বৃত্তদের ছুরিতে বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই খুন হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নিজের বাসায় দুর্বৃত্তদের ছুরিতে বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই খুন হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পাওয়া মাত্র স্বাস্থ্যমন্ত্রী মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের ছুটে যান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারে নির্দেশ দেন। বৃহস্পতিবার ভোররাতে মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনের দোতলার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. নিতাইকে ছুরি মারে। বনানী থানার ওসি (তদন্ত) মইনুল হক ওসি জানান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা নিতাইয়ের স্ত্রী-সন্তানেরা ছুটিতে চট্টগ্রামে গ্রামের বাড়িতে গেছেন। রাতে বাসার নিচতলায় ছিলেন কেবল তার মা। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকছিল। তবে ডা. নিতাই টের পেয়ে যাওয়ায় তারা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ভোরে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৪২৩ ঘ.