খাগড়াছড়ি/ফেনী, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনেওয়াজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও নির্দেশ দেন।
বুধবার সকালে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পরিদর্শনের সময় টেলিফোনে প্রধান প্রকৌশলীকে তিনি এ নির্দেশের কথা জানান।
মঙ্গলবার রাতে আকস্মিক সফরে খাগড়াছড়ি আসেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, “কাজের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকলে রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা হতো না।”
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের লোভ, স্বার্থপরতা ত্যাগ করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
সারাদেশের রাস্তার সঙ্গে খাগড়াছড়ির রাস্তার তুলনা করে বলেন, “গত সাত মাসে দেশে যে পরিমাণ উন্নয়নের ছোঁয়া লেগেছে তার বিন্দু পরিমাণ দেখা যাচ্ছে না খাগড়াছড়িতে।”
এদিকে মঙ্গলবার রাতেই যোগাযোগ মন্ত্রীর আকস্মিক সফরের খবরে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ইটপাথর নিয়ে গর্ত ভরাট করতে ছুটছেন বিভিন্ন সড়কে।
রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ছে
ফেনী প্রতিনিধি জানান: মঙ্গলবার বিকালে ফেনীর পরশুরাম উপজেলায় একটি হাসপাতাল উদ্বোধনকালে রেলমন্ত্রী বলেন, রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “রেলের সবকিছুই পুরনো ও বুড়ো হয়ে গেছে। একে পেইন কিলার দিয়ে চালানো হচ্ছে।”
এছাড়া রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা এবং শিগগিরই নতুন ইঞ্জিন ও বগি সংযোজন করে রেলের আধুনিকায়নের কথাও জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫১৭ ঘ.
bdnews24