মাগুরা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুরে ঈদে দুঃস্থদের জন্য বরাদ্দ ভিজিডি চালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে বাবুখালি বাজারের একটি চাতালে অভিযান চালিয়ে ছয় বস্তা চালসহ গ্রেপ্তার হন রায়পুর গ্রামের আব্দুল মজিদ (৬২) ও হরিণডাঙ্গা গ্রামের ধানের চাতাল ব্যবসায়ী মিলন মিয়া (৪২)।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুদ্দৌজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলন মিয়ার ধানের চাতালে তল্লাশি চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
মহম্মদপুর থানার ওসি ছগির মিয়া বলেন, ঈদে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য সরকার এসব চাল প্রতিটি ইউনিয়নে পাঠিয়েছে। তবে, আটক এ চাল কোন ইউনিয়নের জন্য বরাদ্দ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24