গাজীপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ হাজারের বেশি বন্দি সোমবার ঈদ করবেন কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
এই কারাগারের চারটি ইউনিটের মধ্যে একটি হাই সিকিউরিটি এবং একটি মহিলা ইউনিট রয়েছে।
কারাগারের ১নম্বর ইউনিটের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ এক হাজার ৩০২ জন বন্দি রয়েছেন তার ইউনিটে। এখানে ডিভিশন পাওয়া একজন ছাড়াও রয়েছেন ৭৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
এই ইউনিটে বন্দিদের জন্য কারাগারের ভেতরে তিনটি এবং বাইরে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুইটি জামাত অনুষ্ঠিত হবে বলে এই কারা কর্মকর্তা জানান।
২নম্বর ইউনিটের কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ বলেন, তার ইউনিটে জামায়তে ইসলামীর আমীর সাবেক কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী, সিনিয়র অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মো. কামারুজ্জামান, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল কাদের মোল্লা এবং ব্যবসায়ী গিয়াস উদ্দিন-আল-মামুনসহ দুই হাজার ৮৬০ জন বন্দি রয়েছেন।
তাদের মধ্যে চারজন ডিভিশন পাওয়া এবং ১০১ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে বন্দিদের জন্য কারাগারের ভেতর নয়টি জামাত অনুষ্ঠিত হবে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্তাবধায়ক আব্দুর রাজ্জাক বলেন, গ্রেনেড হামলা মামলার আসামি মুফতি হান্নানসহ এক হাজারের বেশি বন্দি রয়েছে এই ইউনিটে।
এখানে কারাগারের ভেতর বন্দিদের জন্য ঈদ জামাত হবে একটি।
মহিলা কারাগারের কারাধ্যক্ষ তুহিন কান্তি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউনিটে কোনো ভিআইপি বন্দি নেই। তবে ১০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ মোট ১৮৫ জন মহিলা এবং ১২টি শিশু রয়েছে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে প্রত্যেক মহিলাকে দুইটি করে শাড়ি এবং শিশুদের দুই সেট করে পোশাক দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ খাবারেরও ব্যবস্থা হয়েছে।
২নম্বর ইউনিটের সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ঈদে বন্দিদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হবে। সকালে পায়েস ও মুড়ি, দুপুরে ভাত, আলুর দম ও মাছ এবং রাতে পোলাও, মাংস, মিষ্টি, সালাদ ও পান-সুপারি দেওয়া হবে।
ইদের পরেরদিন সকালে বন্দিদের জন্য এবং সন্ধ্যায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪১ ঘ.
bdnews24