২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতাধিক গ্রামে আগাম ঈদ

প্রতিবছরের মতো এবারো সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগেই ঈদ উদযাপন করছেন চাঁদপুর, মুন্সীগঞ্জ ও পটুয়াখালী, চট্টগ্রাম, ভোলা, দিনাজপুরসহ দেশের কয়েকটি অঞ্চলের কয়েকশ গ্রামের মুসলমানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছরের মতো এবারো সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগেই ঈদ উদযাপন করছেন চাঁদপুর, মুন্সীগঞ্জ ও পটুয়াখালী, চট্টগ্রাম, ভোলা, দিনাজপুরসহ দেশের কয়েকটি অঞ্চলের কয়েকশ গ্রামের মুসলমানরা। এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন আরবের সঙ্গে মিল রেখে। এবছরও তারা একদিন আগেই রোজা শুরু করেছিলেন। ঈদও উদযাপন করছেন একদিন আগে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁদপুর হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার প্রায় ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মুসলমান রোববার ঈদ উল ফিতর উদযাপন করছেন। হাজীগঞ্জের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সকাল পৌনে ১০টায় শুরু হয় ঈদের জামায়াত। বৃষ্টি উপেক্ষা করে কয়েকশ’ মুসল্লি এতে অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা মো. আরিফ চৌধুরী। এছাড়া মুন্সীরহাট জামে মসজিদ, টোরা মুন্সীরহাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত হয়েছে চাঁদপুরে। মুন্সীগঞ্জ সদর উপজেলার ৭টি গ্রামের মুসলমানরা রোববার ঈদ উদ্যাপন করছেন। উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর ও বাঘাইকান্দির গ্রামগুলোর প্রায় পাঁচ হাজার মানুষ মেতে উঠেছেন ঈদের আনন্দে। সকালে প্রতিটি গ্রামেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১০টায় শিলই ঈদগাহে হাজী মনিরুল ইসলামের ইমামতিতে অনুষ্ঠিত জামাতে প্রায় ৫শ’ মুসল্লি অংশ নেন। পটুয়াখালী পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মুসলমান ঈদুল ফিতর উদযাপন করছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে। সদর উপজেলার বদরপুর দরবার শরীফে সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কলাপাড়া, গলাচিপা এবং বাউফল উপজেলার ২৫টি গ্রামে একইভাবে ঈদদের জামাত হয়েছে। সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মোহাম্মদ নাজমুস শাহাদৎ জানান, সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ১৯২৮ সাল থেকে এ এলাকার মুসলমানরা রোজা ও ঈদ পালন করে আসছেন। এই এলাকার অনেকেই চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারী হিসাবে পরিচিত। চট্টগ্রাম চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া উপজেলা এবং কক্সবাজারের চকরিয়ার ত্রিশটি গ্রামে রোববার ঈদ উদযাপিত হচ্ছে। চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ডা. সারোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে এভাবে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলেই রোজা ও ঈদ পালন করে আসছেন। রোববার সকাল সাড়ে দশটায় মির্জাখীল দরবার শরিফে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানালেন সারোয়ার। সাতকানিয়ার মির্জাখীল, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারলা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, হারলা, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি, বরকল, বাঁশখালির চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদণ্ডী, চর বরমা, আলি নগর, পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুমছড়া, তৈলার দ্বীপসহ আরও কিছু গ্রামে ঈদ উদযাপিতদ হচ্ছে রোববার। এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া, টেকনাফ, মহেশখালী, হ্নীলা, কুতুবদিয়া, আলিকদম ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ এলাকায় দরবার শরীফের অনুসারীরাও ঈদ পালন করছেন। চন্দনাইশেও ঈদের পৃথক ঈদ জামাত হয়েছে। ভোলা ভোলার ৫টি উপজেলার ১০টি গ্রামের মানুষ ঈদ উদ্যাপন করছে রোববার। সুরেশ্বর পীর, মাইজ ভাণ্ডারি ও সাতকানিয়া পীরের অনুসারীরা পৃথকভাব সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ৬টি ইউনিয়নে ঈদ পালন করছে। সকাল ৯টা ১০ মিনিটে বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামে ঈদের নামাজ হয়। সকাল সাড়ে ৯টায় চৌকিদার বাড়ি ও পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত হয়। দিনাজপুর দিনাজপুর শহর, জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও কাহারোল উপজেলার রসুলপুর এলাকায় এক দিন আগেই ঈদ উদ্যাপন হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শহরের ইনস্টিটিউট প্রাঙ্গনে মাওলানা রফিকুল ইসলামের ইমামতিতে ঈদের জামাতে বিভিন্ন এলাকা থেকে প্রায় দুইশ মুসল্লি অংশ নেয়। কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মুসলামানরাও ঈদ উদযাপন করছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে। চট্টগ্রাম সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের এই অনুসারীরা সকাল ৯টায় গ্রামের ঈদগাহে নামাজ আদায় করেন। ইমামতি করেন মাওলানা গোলাম পরোওয়ার ভূইয়া। লালমনিরহাট লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দুই গ্রামের ৫ শতাধিক মুসলামান এবার প্রথমবারের মতো একদিন আগে ঈদুল ফিতর উদ্যাপন করছে। সকাল সাড়ে ৮টায় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের হাড়িশ্বর (মুন্সিপাড়া) গ্রামের মাঠে প্রায় ৫শ মানুষ এবং সকাল ৮টায় চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ওয়ার্ডের (বালাপাড়া) প্রায় ৫০ জন পৃথক ঈদের জামায়াতে অংশ নেয়। মাদারীপুর মাদারীপুরের চারটি উপজেলার ৫০ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে রোববার। সকাল ১১টায় কালকিনি উপজেলার আন্ডারচর মসজিদে ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের কেরানীবাট, পাচ্চর, স্বর্ণকারপট্টিসহ ৫০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উদুল-ফিতর উদযাপন করছেন। এ অঞ্চলের অনেকেই মাদারীপুরের সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারী। শেরপুর শেরপুরের ৪টি উপজেলার ৫টি গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। এগুলো হলো সদর উপজেলার চরখারচর পূর্ব ও পশ্চিমপাড়া, ঝিনাইগাতী উপজেলার চতল, নালিতাবাড়ি উপজেলার নন্নী মধ্যপাড়া এবং শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা। সকাল ১১টায় ঈদের জামাত হয় চরখারচর পশ্চিমপাড়া গ্রামের সুরেশ্বর পীরের অনুসারিদের ঈদগাহ মাঠে। এখানে ইমামতি করেন মাওলানা আবুল বারেক মুন্সী। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়ায় ‘জাহাগিয়া তরিকার’ অনুসারী মুসলিমরাও এদিন ঈদ উদ্যাপন করছেন। রোববার বেলা ১১টায় শাহ্ সুফী মতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলার দুই শতাধিক মুসল্লি এ জামাতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৫৩৫ ঘ.