গাজীপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজারের কাছে (বেরাইদের চালা) ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক শিশু নিহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী
শনিবার বিকেলে এ দুর্ঘটনার পর এলাকাবাসী ওই সড়তটি অবরোধ করে এবং ঘাতক বাসটির কাচ ভাংচুর করে।
নিহত সুমাইয়া (৯) বেরাইদের চালা এলাকার শাহজাহান মিয়ার মেয়ে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত নিহতের বড়ভাই শরিফুল ইসলামকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা মহাসড়ক থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে রিকশায় দুই ভাই-বোন বাড়ি ফিরছিল।
বিকেল পৌনে ৫টার দিকে তারা সিন্ডবি বাজার এলাকার কাছে পৌছলে ঢাকাগামী লাব্বাইক পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের রিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সুমাইয়া নিহত এবং তার ভাই শরিফুল গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকাবাসী মহসড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘাতক বাসটির কাচ ভাংচুর করে তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকেল পৌনে ছয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ বাসটিকে আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
স্বজনরা আবেদন করায় বিনা ময়না তদন্তে লাশ তাদেও কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৩ ঘ.
bdnews24