২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদের ছুটিতে চিকিৎসায় অবহেলা হলে শাস্তি’

ঈদের দীর্ঘ ছুটির মধ্যে হাসপাতাল থেকে রোগীরা বিনা চিকিৎসায় ফিরে গেছেন- এমন অভিযোগ পেলে চিকিৎসকদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দীর্ঘ ছুটির মধ্যে হাসপাতাল থেকে রোগীরা বিনা চিকিৎসায় ফিরে গেছেন- এমন অভিযোগ পেলে চিকিৎসকদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঈদের সময় বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সারাদেশের হাসপাতালগুলোতে নির্দেশনা দিয়েছি।” ঈদের ছুটিতে চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে যাওয়ার কারণে রোগীদের ভোগান্তি নিয়ে প্রায় প্রতি বছরই গণমাধ্যমে খবর প্রকাশিত সংবাদ প্রকাশের মধ্যেই তিনি এই হুঁশিয়ারি দিলেন। দেশের ব্যস্ততম হাসপাতালের প্রস্তুতি দেখতে সকালে ঢাকা মেডিকেলে যান তিনি। ছুটির সময় রোগীরা ‘ঠিকঠিক’ চিকিৎসা পাবে- এমন আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এমনকি বেসরকারি হাসপাতালগুলোও জরুরি রোগী ফেরত দিতে পারবে না।” “সব জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। চিকিৎসা না পাওয়ার কোনো সংবাদ পেলে আমি কঠোর ব্যবস্থা নেব।” ঈদের ছুটির সময় রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষ দায়িত্বের তালিকা প্রস্তুত করার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে প্রত্যেক হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে বলেও রুহুল হক জানান। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, অমুসলিম সব চিকিৎসকই ঈদের ছুটিতে দায়িত্ব পালন করবেন। এছাড়া যারা ঈদে ঢাকা ও শহরতলীতে থাকবেন, তাদেরও ক্রমানুসারে দায়িত্ব পালন করবেন। স্বায়ত্তশাসিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালও ঈদে জরুরি বিভাগ খোলা রাখবে। তবে বহির্বিভাগের সেবা রবি, সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে। বিএসএমএমইউর উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানত অমুসলিম চিকিৎসকদের নিয়েই তারা ঈদের দায়িত্বসূচি সাজিয়েছেন। ঈদের দিন সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/জেকে/১৭০৪ ঘ.