দিনাজপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদরে হিজরাদের জন্য সরকার একটি আবাসন তৈরি করেছে।
শুক্রবার সন্ধ্যায় এ প্রকল্প উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।
সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের বাঙ্গীবেচা গ্রামে পূনর্ভবা নদীর তীর ঘেঁষে ৩ দশমিক ৪ একর খাস জমিতে ‘মানব পল্লী’ নামের এই আবাসন নির্মাণ করা হয়।
বিশেষ একটি মানব গোষ্ঠীর (হিজরা) জন্য সরকারের এ ধরনের আবাসন ব্যবস্থা বাংলাদেশে এটিই প্রথম বলে জানান দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় সাংসদ ইকবালুর রহিমের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
ইউএনও বলেন, এখানে ২৫টি ব্যারাক রয়েছে। প্রতিটি ব্যারাকে পাঁচটি কক্ষ। একটি ব্যারাকের জন্য একটি শৌচাগার এবং দু’টি ব্যারাকের জন্য একটি নলকূপ রয়েছে। প্রতিকক্ষে দু’টি বিছানা হিসাবে ১২৫টি কক্ষে ২৫০ জন থাকতে পারবে।
ব্যারাক নির্মাণ করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্বোধনের পর ঘরের চাবি হস্তান্তর করা করা হয়। তখন ৭৬ জন হিজরা ঘরে ওঠেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হিজরা সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন আনিসুর রহমান।
তিনি বলেন, “জন্মদাতা পিতা-মাতার কাছেই আমরা বঞ্চিত ও উপেক্ষিত। সমাজের কথা বলে বাবা-মা আমাদের আশ্রয় দেয় না। কিন্তু আমাদের এই অবস্থার জন্য তো আমরা দায়ী নই।
“এমপি সাহেব আমাদের জন্য আবাসন ব্যবস্থা করায় এখন মনে হচ্ছে আমরাও মানুষ।”
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইকবালুর রহিম বলেন, “হিজরারাও আল্লাহর সৃষ্টি মানুষ। আমাদের মতো পরিবারেই তাদের জন্ম। কিন্তু আমাদের কারণেই তারা অবহেলিত ও লাঞ্ছনার শিকার হচ্ছে।”
তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে আগামীতে হাঁস-মুরগি ও গরু-ছাগল দেওয়ার ঘোষণা দেন এই সাংসদ।
ইউএনও প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪২ ঘ.
bdnews24