রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ রোববার হবে না সোমবার- তা জানতে চাঁদ দেখার অপেক্ষায় সারা দেশ। তবে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্যও।
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা কমে এলেও রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রায় সব ট্রেনই ছেড়ে যাচ্ছে তিন থেকে চার ঘণ্টা দেরিতে। আর এর কারণ হিসাবে কয়েক দিন আগের ট্রেন দুর্ঘটনা আর ইঞ্জিনের স্বল্পতাকে দুষলেন রেলমন্ত্রী।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঈদের পর ঢাকামুখী ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় তিনি সহ্য করবেন না।
মন্ত্রী বলেন, রেলওয়ে পূর্বাঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেনগুলো সময়মতোই ঢাকা ছাড়ছে। তবে গত বুধবার রাজশাহীর চারঘাটে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়া যে শিডিউল বিপর্যয় ঘটেছে, তা এখানো কাটিয়ে উঠতে পারেনি রেলওয়ে পূর্বাঞ্চল।
“আমাদের ইঞ্জিন প্রয়োজনের তুলনায় কম। তারপরও আমরা প্রতিটি ট্রেনেই অতিরিক্ত বগি যোগ করে যাত্রীদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি সমসূচিও ঠিক রাখার চেষ্টা চলছে”, বলেন কাদের।
রোববার থেকেই সব ট্রেনের সময়সূচি ঠিক রাখা সম্ভব হবে- সাংবাদিকদের এমন আশার কথা শুনিয়ে মন্ত্রী রেল কর্মকর্তাদের হুঁশিয়ার করেন- ঈদের পর কোনো ট্রেনের দেরি তিনি সহ্য করবেন না।
“অতিরিক্ত যাত্রীর চাপ থাকবে। ঢাকামুখী, অফিসমুখী যাত্রীদের যে চাপ আসবে, সেখানে কোনো অজুহাত আমি সহ্য করব না।”
কমলাপুর স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশহীর ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ঢাকা ছাড়ার কথা থাকলেও ছেড়ে গেছে সোয়া ৯টায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টায়ও ঢাকায় পৌঁছেনি ট্রেনটি।
জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং দিনাজপুরগামী একতা এক্সপ্রেসও দুই থেকে চার ঘণ্টা বিলম্বিত। ফলে পরিবার পরিজন নিয়ে প্ল্যাটফর্মে পত্রিকা বা বিছানার চাদর বিছিয়ে প্রতীক্ষার প্রহর গুণতে হচ্ছে যাত্রীদের।
সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী আবদুর রহিম ট্রেনের অপেক্ষায় কমলাপুরে বসে আছেন ভোর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সবার সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছি। স্ত্রী-সন্তানকে আগেই পাঠিয়ে দিয়েছি। আমি যে কখন পৌঁছাতে পারব তা আল্লাহই জানেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১০২৮ ঘ.
bdnews24