মুন্সীগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে লঞ্চের সঙ্গে সিবোটের পৃথক দু’টি সংঘর্ষ হয়েছে।
এতে সিবোটের যাত্রীরা নদীতে পড়ে গেলেও সবাইকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ও বিকালে মাওয়া লঞ্চ ঘাটের অদূরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে মাওয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ঐশ্বি খান নামের লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রীসহ একটি সিবোট পদ্মায় উল্টে যায়।
একইভাবে বেলা ২টার দিকে ঘাটের অদূরে এমভি তপনের সঙ্গে সংঘর্ষে আরেকটি সিবোট উল্টে ১২ যাত্রী নদীতে ডুবে যায়।
সাইফুল ইসলাম আরো বলেন, দুটি দুর্ঘটনার সব যাত্রীকেই অন্য সিবোটের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর তারা নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24