২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিড়মুক্ত’ টার্মিনালে যাত্রা শুরু স্বস্তিতেই

ঈদের আগে দীর্ঘ ছুটির ফলে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র এবার অনেকটাই আলাদা। কোনো গন্তব্যের টিকেটের জন্যই তেমন হাহাকার নেই। শহীদুল ইসলাম ও আশিক হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

শহীদুল ইসলাম ও আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে দীর্ঘ ছুটির ফলে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র এবার অনেকটাই আলাদা। মাঝমধ্যে যানজট আর দুর্ঘটনায় মহাসড়কে যানবাহনের গতি কম থাকলেও টার্মিনালে ভিড় কম বলে ঘরমুখো যাত্রীদের যাত্রার শুরুটা হচ্ছে স্বস্তির মধ্যে দিয়েই। রাজধানী থেকে সড়ক পথে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার গুরুত্বপূর্ণ টার্মিনাল গাবতলীতে শুক্রবার ঈদের সেই চিরাচরিত ‘টিকেট সঙ্কট’ দেখা যায়নি। তবে এবারো টিকেটের জন্য বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের মুখ থেকে। অন্যদিকে উত্তর-পূর্ব এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে যাওয়ার প্রধান টার্মিনাল সায়েদাবাদ ‘প্রায় যাত্রীহীন’। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ ছাড়াও বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষকে রাজধানী থেকে গাবতলী দিয়েই বাড়ির পথে যেতে হয়। শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো গন্তব্যের টিকেটের জন্যই তেমন হাহাকার নেই। বরং কোনো কোনো কাউন্টারে যাত্রীর জন্য হাকডাকও শোনা গেছে। বাস কাউন্টারের কর্মীরা জানালেন, মানুষ আগেভাগে ঢাকা ছাড়ায় বাস টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের ভিড় নেই। তাই এখন টিকেটও রয়েছে অনেক। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস থেকেই কার্যত ঈদের ছুটি শুরু হয়ে যায়। মাঝে ঈদের ছুটির সঙ্গে যোগ হয়েছে শবে কদর ও সাপ্তাহিক ছুটি। চাঁদের ওপর নির্ভর করে এবার ১৯ অথবা ২০ অগাস্ট ঈদ হবে। গাবতলীতে বিভিন্ন পরিবহনের কর্মীরা জানালেন, লম্বা ছুটির কারণে গত মঙ্গল ও বুধবারই অধিকাংশ যাত্রী রাজধানী ছেড়েছেন। তবে যাত্রীদের অভিযোগ, এবার টিকেটের সঙ্কট না থাকলেও বরাবরের মতোই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আশরাফুল ইসলাম বলেন, “যশোর যাওয়ার টিকেট কেটেছি ৬০০ টাকা দিয়ে। অন্য সময় ৪৫০ টাকায় যাওয়া যায়।” মাদারীপুরগামী আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য সময় দেড়শ টাকা করে নিলেও ঈদ বলে তাকে টিকেট কিনতে হয়েছে ২৮০ টাকা দিয়ে। “টাকা একটু বেশি নিলেও পছন্দের সিট পেয়েছি,” স্বস্তির সঙ্গে বলেন তিনি। সপরিবারে বরিশাল যাওয়ার জন্য শুক্রবার সকাল ১০টর দিকে গাবতলী বাস টার্মিনালে এসেও টিকেট পেয়েছেন ঢাকার ব্যবসায়ী মোতাহার হোসেন। তিনি বলেন, “অন্য সময় বাড়ি যেতে সাড়ে চারশ টাকা লাগে। ঈদের দুই দিন আগে ৫০ টাকা বেশি দিয়েই ভালো সিট পেয়েছি।” মাদারীপুর যাওয়ার ভাড়া এমনিতে দেড়শ টাকা হলেও শুক্রবার ২৮০-৩০০ টাকায় টিকেট বিক্রি হচ্ছিল। তবে মাদারিপুরগামী বাসের টিকেট সহজেই মেলায় দরাদরি করে টিকেট কেটেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে ঢাকায় আসা জহিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২৮০ টাকার কমে টিকেট দিতে চায় না। পরে দামাদামি করে ২৪০ টাকায় কাটছি।” অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে জে আর পরিবহনের কাউন্টার মাস্টার শরীফ বলেন, “এবার তো বাড়ি যাওয়ার মানুষই পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত ভাড়া নেব কার কাছ থেকে। ৫-১০ টাকা যেটা বেশি নেওয়া হচ্ছে তা কর্মচারীদের ঈদের বকশিস।” ‘ প্রায় যাত্রীহীন সায়েদাবাদ’ ঈদের আর মাত্র দুইদিন বাকি থাকলেও ভিড়র আর তাড়াহুড়ার চিরাচরিত সেই দৃশ্য নেই সায়েদাবাদ বাস টার্মিনালে। সিলেট-চট্টগ্রাম বিভাগের পাশাপাশি বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উল্লেখযোগ্য পরিমাণ বাস ছাড়ে এই টার্মিনাল থেকে। শুক্রবার দুপুরে রাজধানীর ব্যস্ততম এ টার্মিনালে গিয়ে দেখা যায়, টিকিট বিক্রেতারা অলস সময় পার করছেন। টার্মিনালে যাত্রীদের উপস্থিতি তেমন একটা নেই। বাস কাউন্টারগুলোর কর্মীরা জানান, এ বছর একটু আগে ভাগে ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখো অধিকাংশ মানুষ ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। ঢাকা-চট্টগ্রাম রুটের ইউনিক এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার পলাশ বলেন, “গতকাল (বৃহস্পতিবার) কিছু যাত্রী পেয়েছিলাম, কিন্তু আজ (শুক্রবার) তাও নেই।” এ বছর ঈদে পরিবহন ব্যবসায়ীদের তেমন একটা লাভ হয়নি বলে তিনি দাবি করেন। ঢাকা থেকে কুমিল্লাগামী তিসা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তৈয়ব বলেন, “সড়কের অবস্থা খুব একটা ভাল না হওয়ায় যাত্রীরা এ বছর বাসের চেয়ে ট্রেনের ওপরে বেশি নির্ভর করছেন।” পরিবারের সদস্যদের নিয়ে ব্রাক্ষণবাড়িয়া যাচ্ছেন মো. ই¯্রাফিল আলম। তিনি বলেন, “ভিড় এড়াতেই একটু দেরি করে যাচ্ছি। এ বছর ছুটি আগে শুরু হওয়ায় অনেকেই চলে গেছে। তাই টিকিট পেতেও সমস্যা হয়নি।” খালেদ ইমরান নামের আরেক যাত্রী বললেন, “অন্যবার এ সময় টার্মিনালে পা ফেলা যায় না। অথচ এবার ভিড়ই নেই।” তবে সোহাগ পরিবহনের প্রতিনিধি মো. মুহিব বলেন, “আমাদের এখানে সব টিকিটই অগ্রিম বিক্রি হয়ে গেছে। তাই যাত্রী সংখ্যা একেবারে খারাপ না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএন/জেকে/১৭১২ ঘ.