২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালন শেষে শুক্রবার ফিরছেন রাষ্ট্রপতি

ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির সম্মেলনে অংশ নিয়ে ওমরাহ পালনের পর শুক্রবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির সম্মেলনে অংশ নিয়ে ওমরাহ পালনের পর শুক্রবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তিনি বিকালে ঢাকায় নামবেন বলে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকালে মক্কায় কাবা শরিফে ওমরাহ পালন করেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও সফরসঙ্গীরা ছিলেন। রাষ্ট্রপতি এ সময় দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। গত ১৪ ও ১৫ অগাস্ট মক্কায় ইসলামী সম্মেলন সংস্থার চতুর্থ বিশেষ সম্মেলনে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি। তথ্য বিবরণীতে জানানো হয়, সম্মেলনে মুসলিম উম্মার ঐক্য ও সংহতি জোরদারের পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্ব জাগ্রত করার মাধ্যমে মুসলিম দেশগুলোর বিদ্যমান সমস্যা সমাধানের ওপর জোর দেন রাষ্ট্রপতি। বক্তব্যে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিষয়টিও তোলেন জিল্লুর রহমান। তিনি বলেন, “সম্প্রতি মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মিয়ানমারের মুসলমান সংখ্যালঘুদের মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করতে সে দেশের সরকারের প্রতি ওআইসিভুক্ত দেশগুলোর উদ্যোগ গ্রহণের প্রয়োজন।” “দীর্ঘমেয়াদি এ সমস্য সমাধানে বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগে কার্যকর ভূমিকা পালন করবে,” প্রতিশ্রুতি দেন তিনি।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০০ ঘ.