দিনাজপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি মিষ্টির দোকানে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
উপজেলার সেতাবগঞ্জ বাজারে ঘোষ সুইটস নামের ওই দোকানে বুধবার রাত সাড়ে ৯টায় এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানায়।
দোকান মালিক মানিক ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক দিন ধরে ফোনে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এ ব্যাপারে ১৩ অগাস্ট বোচাগঞ্জ থানায় একটি জিডিও করা হয়।
মানিক ঘোষ বলেন, “সন্ধ্যায় দোকানে একটি কাগজের প্যাকেট দেখে তা কোনো ক্রেতা ফেলে গেছেন মনে করে সেটি ক্যাশ কাউন্টারের পাশে রেখে দিই। রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।”
বিস্ফোরণের ১৫ মিনিট পর মানিকের ভাই আজিত ঘোষের মোবাইলে একটি ম্যাসেজ আসে। তাতে বলা হয়, “এবারে বেঁচে গেলি এরপর আর বাঁচবি না।”
বোচাগঞ্জ থানার ওসি জিএম শামসুর নূর বলেন, বিস্ফোরণের পর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানিক ঘোষের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১০৩৯ ঘ.
bdnews24