নারায়ণগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার দুপুরে শহরের চাষাঢ়ার একসিলেন্ট গার্মেন্ট ও অর্জন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ দেখান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে ওই দুই কারখানার কর্মীরা বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল জানান, “২৬ রোজার পরও বকেয়া মজুরি ও বোনাস না দিয়ে মালিকপক্ষ নানা টালবাহানা করছে।”
বিকেএমইএ লেবার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
“যে কোনো মূল্যে ঈদের আগেই শ্রমিকদের মজুরি-ভাতা পরিশোধ করা হবে”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৫৫ ঘ.
bdnews24