২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধাচিত্তে জনককে স্মরণ

৩৭ বছর আগের ভয়াল এক রাতের শোকাবহ স্মৃতি স্মরণ করেছে জাতি, যে রাতে দেশ হারিয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৭ বছর আগের ভয়াল এক রাতের শোকাবহ স্মৃতি স্মরণ করেছে জাতি, যে রাতে দেশ হারিয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য সরকারি ছুটির দিন বুধবার সরকারি-বেসরকারি নানা উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি তোলা হয় কালো পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে যান সকাল সোয়া ৬টার দিকে। যেখানে বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা হয়- সেই সিঁড়িতে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে কিছুক্ষণ নিরবে বসে থাকেন তিনি। এরপর শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের উল্টো দিকে জাতির জনকের প্রতিকৃতিতে সরকার প্রধান হিসাবে শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার দেয় এরপর। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। মন্ত্রিসভার সদস্য ছাড়াও তিন বাহিনীর প্রধান, জাতির সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মহাজোটের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারো ফুল দেন শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনার দুপাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ। এরপর আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ সমমনা বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ঢাকার জেলা প্রশাসক, পুলিশের মহা পরিদর্শক, শিক্ষা মন্ত্রণালয়সহ এর অধীনস্ত বিভিন্ন অধিদপ্তরের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ধানমণ্ডির ৩২ নম্বর থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং আত্মীয়দের কবরে ফুল দেন তিনি। মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হসিনা দোয়া ও মোনাজাতে অংশ নেন। বনানী কবরস্থানে ১৮টি কবরে শায়িত আছেন ’৭৫ এর ১৫ অগাস্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য ও নিকটজনরা। সেই রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারাতে হয় তাদের ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকেও। ধানমণ্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়। আরো নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু। বনানীতে শ্রদ্ধা জানানো শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদির পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর রেহানাকে সঙ্গে নিয়ে তিনি ফাতেহাপাঠ করেন এবং ১৫ অগাস্টের শহীদদের প্রতি বিশেষ মোনাজাত করেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। শেখ হাসিনা ঢাকার উদ্দেশে টুঙ্গীপাড়া ছাড়ার পর সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এবার জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সংস্পর্শ পাওয়া জিল্লুর রহমান ১৯৭৫ এর ১৫ অগাস্টকে জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় আখ্যায়িত করে বলেছেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব ঘাতক আজো বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে।” “আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা,” বলেন তিনি। ১৫ অগাস্ট বেঁচে যাওয়া বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও জনগণের নিকট থেকে তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। ১৫ কোটি বাঙালির অন্তরে প্রোথিত রয়েছে বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ।” বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রবাদপুরুষ বলে পরিচিত শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন। এরপর ’৫২-র ভাষা আন্দোলন, ’৫৪-তে যুক্তফ্রন্টের নির্বাচন, ’৬৬-তে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং ’৬৮-তে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। ১৯৬৯-এ ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে কারামুক্ত করে তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে। ১৯৭১ সালের উত্তাল মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিপ্লবী কণ্ঠে বঙ্গবন্ধুর স্বাধীনতার চূড়ান্ত ডাক- ‘এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম- আমাদের স্বাধীনতার সংগ্রাম’ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়। তার নেতৃত্বেই দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/এমআই/২২৫৫ ঘ.