ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাজের আয়োজনে এই প্রার্থনা সভা হয়।
এতে মাওলানা জিয়াউল হাসান কোরআন শরীফ থেকে, মানস মিত্র গীতা থেকে, ফাদার এল এন গোমেজ বাইবেল থেকে এবং কমলাপুর বৌদ্ধ বিহারের কল্যাণ জ্যোতি ভিক্ষু ত্রিপিটক থেকে ধর্মীয় বাণী পাঠ করেন।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য বুধবার সরকারি ছুটি।
প্রার্থনা সভায় ১৫ অগাস্টের নিহতদের আত্মার শান্তি চেয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হয়। এতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
প্রার্থনা সভা শেষে ১৯৭১ সালের ২৬ মার্চ এবিসি ও সিবিএ টেলিভিশনে প্রচারিত একটি সংবাদচিত্র এবং বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
সংসদ সদস্য ও সাংবাদিক বেবী মওদুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ইহসানুল করীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-অর-রশীদ, কবি হেলাল হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, সাংবাদিক আতাউর রহমান প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২০২ ঘ.
bdnews24