২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ভর্তি: পুনর্ভাবনার আহ্বান বিশেষজ্ঞদের

এসএসসি-এইচএসসির ফলের ভিত্তিতে মেডিকেলে ভর্তির বিষয়ে সরকারে ‘তড়িঘড়ি’ করে নেওয়া সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুরুল ইসলাম হাসিবের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 04:52 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নুরুল ইসলাম হাসিব জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি-এইচএসসির ফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিষয়ে সরকারে ‘তড়িঘড়ি’ করে নেওয়া সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ভাষায় ‘ভর্তির ক্ষেত্রে মান’ নিশ্চিত করতে রোববার এক বৈঠকে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাদ দেওয়ার এই সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রী জানান, এবার থেকে ভর্তি হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাওয়া জিপিএর ভিত্তিতে। এইচএসসি পরীক্ষা শেষ করে গত তিন মাস ধরে যে শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলেন, সরকারের ওই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন তারা। সোম ও মঙ্গলবার রাজধানীসহ বড় শহরগুলোতে চলে দিনভর বিক্ষোভ। এক আইনজীবীর করা রিট আবেদনে ভর্তি পদ্ধতি বদল কেন অবৈধ হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চায় হাই কোর্ট। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, “উচ্চ শিক্ষায় ভর্তির আগে যোগ্যতা বিচারের জন্য বাড়তি কিছু ব্যবস্থা থাকা জরুরি। অনেক দেশেই এটা দেখবেন আপনি।” তাছাড়া ‘কোচিং সেন্টার বাণিজ্য’ বন্ধের জন্য মেডিকেলে ভর্তি পরীক্ষাই বাতিল করতে হবে- এমন যুক্তির সঙ্গেও একমত নন হোসেন জিল্লুর। তার মতে, ভর্তি পদ্ধতি বদলের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে আস্থা তৈরি করতে সরকারের আরো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকা উচিৎ। “নতুন ব্যবস্থায় স্বচ্ছতার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া জিপিএর ভিত্তিতে ভর্তির মাপকাঠি কী হবে- তা ঠিক করার পরই সরকার ভর্তি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিতে পারত।” মেডিকেলে সরাসরি ছাত্র ভর্তির যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফলই যথেষ্ট- স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবির সঙ্গেও একমত নন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, “এটা (এসএসসি ও এইচএসসি পরীক্ষার মান) নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।” বাংলাদেশ চিকিৎসক সংসদের সাধারণ সম্পাদক মো. মোশতাক হোসেনও মনে করেন, বাস্তবতা বিচার করে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এ ধরনের সিদ্ধান্ত অন্তত এক বছর আগে নেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, “একটি নতুন ব্যবস্থা চালু করার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনাও করা দরকার। “দুটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কাজেই আপনি যদি ভর্তি পদ্ধতি পরিবর্তন করতে চান তাহলে অন্তত এক বছর আগে সিদ্ধান্ত জানানো উচিৎ।” তাছাড়া উচ্চশিক্ষায় ভর্তি প্রচণ্ড প্রতিযোগিতামূলক একটি বিষয় হওয়ায় ভর্তির আগে যোগ্যতা যাচাইয়ে অবশ্যই পরীক্ষার ব্যবস্থা থাকা উচিৎ বলেও মত দেন মোশতাক। “জিপিএর ভিত্তিতে স্কুল থেকে কলেজে ভর্তি করা চলে, উচ্চ শিক্ষায় নয়।” বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ে ভর্তির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “তারা (বুয়েট) পরীক্ষার আগেও একদফা ছাত্র বাছাই করে।” ‘কোচিং বাণিজ্যের’ বিষয়ে সরকারি যুক্তির বিষয়ে মোশতাক বলেন, “স্কুলের শিক্ষকরা নিজেদের বাসায় ছাত্র পড়ান। তো আপনি কি করবেন.... এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে ওঠার পরীক্ষাও বন্ধ করে দেবেন?” প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিত চিকিৎসক নেতারাও এ পদক্ষেপের সমালোচনা করেছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিদ্ধান্তটি বিবেচনাপ্রসূত নয়। ভর্তি পরীক্ষার প্রয়োজন আছে।” মেডিকেলে ভর্তির আগের পদ্ধতি ‘যথেষ্ট স্বচ্ছ’ দাবি করে তিনি বলেন, এর মান নিয়ে এ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেননি। সরকারের ‘তড়িঘড়ি’ সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিই বহাল করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সাবেক ডিন জাহিদ বলেন, কোচিং সেন্টারের বিষয়টিও আলোচনা করা যায়। তাই বলে মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলা কোনো সমাধান হতে পারে না। ভর্তি পরীক্ষাকে একটি ‘পরীক্ষিত পদ্ধতি’ অভিহিত করে তিনি বলেন, “একসময় ২০ নম্বরের মৌখিক পরীক্ষা চালু ছিল। ভর্তি প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আনা এবং মান নিয়ন্ত্রণের জন্য ১৯৯২ সালে তা বাতিল করা হয়।” এক শিক্ষার্থীর অভিভাবক মন্তাজুল হক, যিনি নিজেও একজন চিকিৎসক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের সিদ্ধান্তে তিনি হতবাক। “তারা অন্তত এক বছর সময় দিয়ে এ সিদ্ধান্ত জানাতে পারত।” স্কুল-কলেজে ‘সৃজনশীল প্রশ্ন পদ্ধতি’ চালুর উদাহরণ টেনে মন্তাজুল হক বলেন, শিক্ষা মন্ত্রণালয় এটা হঠাৎ চাপিয়ে দেয়নি, বরং ধীরে ধীরে বাস্তবায়ন করেছে। আর সরকার যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা নাই নিতে চায়, তাহলে একই সিদ্ধান্ত বুয়েটসহ বিশ্ববিদ্যালয়গুলোতেও কার্যকর করা উচিৎ বলে তিনি মন্তব্য করেন। মন্তাজুল জানান, তার মেয়ে একটি কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন বোর্ডের পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকায় পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ছাত্রদের মেডিকেলে ভর্তির যোগ্যতা নির্ধারণ সম্ভব নয়- এমন মন্তব্য করে এই চিকিৎসক বলেন, পরীক্ষা বাতিলের আগে সরকারের উচিৎ ছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বোর্ডের প্রশ্নপত্রে ঐক্য আনা। সরকারের সিদ্ধান্তে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করলেও ঈদের ছুটির পরে ২৭ অগাস্ট আবারো শহীদ মিনারে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে গেলে তিনি তাদের বলেছেন, এ নিয়ে আদালতে রিট আবেদন হওয়ায় আদেশ দেখেই তারা সিদ্ধান্ত নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/জেকে/১০৪৫ ঘ.