২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। মঙ্গলবার বিচার মামনুন রহমান ও বিচারপতি আবুর জাফর সিদ্দিকী এই আদেশ দেন। আদালত একইসঙ্গে ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিবন্ধককে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১২ অগাস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞাপনে ৯ ক্যাটাগরির ৭৫টি পদে দরখাস্ত চাওয়া হয়। আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন আমিনুল ইহসান জুবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। গত ২০ ফেব্রুয়ারি দেওয়া এক রায়ে হাই কোট বিগত চার দলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে। ওইদিন দেওয়া আদালতের আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সেখানে আবেদন করতে পারবে। এই মামলায় পক্ষভুক্ত চাকরি হারানো কর্মকর্তা-কর্মচারীরা। এক্ষেত্রে নিয়োগের বয়সসীমাও শিথিলযোগ্য। ওই রায়ে চাকরি হারানো ৬ কর্মকর্তা কর্মচারী মো. মশিউর রহমান, সেলিম উল হক, মো. গিয়াস উদ্দিন, মো. বরি আমিন, মো. শাহ আলম এবং মো. মঈন উদ্দিন পাটওয়ারি সোমবার এই রিট আবেদনটি দায়ের করেন। তাদের আইনজীবী আমিনুল ইহসান জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওইদিনের রায়ে হাই কোর্ট যাদেরকে চাকরিচ্যুত করতে বলেছিলো, কর্তৃপক্ষ তাদের সবাইকে চাকুরিচ্যুত করে নাই।” তিনি জানান, এই রিটের আবেদনকারীদের যুক্তি হচ্ছে, হাই কোর্টের রায়ের প্রথমে চাকরিচ্যুত করার আদেশ থাকলেও তা বাস্তবায়ন না করে পরবর্তী আদেশ বাস্তবায়ন হতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০২৫ ঘ.