ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় চারদলীয় জোট সরকারের সময়ের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি মীর হাশমত আলী এবং জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে মোশাররফ হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।
গত ১২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মোশাররফ ও নাইকো রিসোর্সের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
এরপর ২২ ফেব্রুয়ারি মোশাররফ হোসেন হাই কোর্টে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ তা খারিজ করে দেয়।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে আসামীরা ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার আদান-প্রদান করেছেন। মোশাররফ গাড়ির নিবন্ধন বাবদ ২৩ হাজার ৮৩৫ টাকা এবং বিদেশে (কানাডা এবং আমেরিকায়) ভ্রমণের জন্য ৫ হাজার কানাডিয়ান ডলারের আর্থিক সুবিধা নিয়েছেন।
আদালতে মোশাররফের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৫২ ঘ.
bdnews24