ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
ড. ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবীর দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
আদেশের পর অ্যাটর্নি জেনালেল বলেন, “যেহেতু আদালত স্থগিতাদেশ দেয়নি। তাই জিপিএর ভিত্তিতে ভর্তি করতে কোন বাধা নেই।”
রোববার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকার শর্তের কথা জানান তিনি।
এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন ম্থানে বিক্ষোভ ও মানববন্ধন করছে।
ইউনুস আলী আকন্দ আদালতে নিজের আবেদন তুলে ধরার পর বিচারক জানতে চান, “সরকার সিদ্ধান্ত নিয়েছে, কে বলেছে। কোথায় সেই সিদ্ধান্ত?”
জবাবে রিটকারী বলেন, তিনি দাপ্তরিক কাগজপত্র পাননি, পত্রিকার মাধ্যমে বিষয়টি জেনেছেন।
আদালত বলেন, আবেদনটি এখনো পূর্নাঙ্গ (ম্যাচিউরড) হয়নি। কাগজপত্র পেলে তারপর আবার আসতে পারেন ইউনুস আলী।
এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ ধরনের কোনো কাগজপত্র নেই।
আদালত আবেদনটি ফিরিয়ে দিতে চাইলে ইউনুস আলী অনুনয় করতে থাকেন।
এক পর্যায়ে তিনি বলেন, এতোদিন কেবল ভর্তি পরীক্ষার ভিত্তিতেই ভর্তি করা হতো না। বরং জিপিএ এবং ভর্তি পরীক্ষা উভয়ের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হতো। এখন জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ড রয়েছে। তারা সবাই একই প্রশ্নপত্রে পরীক্ষা দেয় না। কাজেই ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে উত্তীর্ণ পরীক্ষার্থীদের একই মাপকাঠিতে নেওয়া ঠিক হবে না।
এ সময় আদালত বলেন, “এটি একটা ভালো গ্রাউন্ড। যাই হোক আমরা রুল দিলাম। ছুটির আগের দিন দেখে রুল দিয়ে দিলাম।”
আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে। অন্য বছর মেডিকেলে ভর্তি পরীক্ষাও কাছাকাছি সময়ে হয়ে থাকে। গত বছর ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয়।
রিট দায়েরের পর সোমবার ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের প্রধান দুই রাজনৈতিক দলই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। বুয়েট অচল করে দিয়েছে। এখন মেডিকেল ধ্বংস করে দিতে চায়। ভর্তি পরীক্ষা ছাড়া মেডিকেলে ভর্তি করলে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মেধাবীরা বঞ্চিত হবে। পরীক্ষা না হলে ভর্তি থেকেই দুর্নীতি বাড়বে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24