মাগুরা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় ট্রাক চাপায় দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার সীমাখালী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত সোহেল মোল্যা ও বিশ্বজিৎ খাঁ সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। সোহেল শালিখার পিয়ারপুর গ্রামের মোহন মোল্যার এবং বিশ্বজিৎ আড়–য়াকান্দি গ্রামের ভোলানাথ খাঁর ছেলে।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণ ও ট্রাক চালককে আটকের দাবিতে পৌনে ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
এতে মহাসড়কের সীমাখালি বাজারের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে সোহেল ও বিশ্বজিৎ প্রাইভেট পড়ে একটি সাইকেলে করে গ্রামে ফিরছিল। তারা সীমাখালী সেতুর ওপর উঠলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চালক পালিয়ে গেছে।
নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৩১৫ ঘ.
bdnews24