২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তিচ্ছুদের বিক্ষোভ দ্বিতীয় দিনে

মেডিকেল ও ডেন্টাল কলেজে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি না করে আলাদা পরীক্ষা নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি না করে আলাদা পরীক্ষা নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার পর থেকেই ভর্তিচ্ছুরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। অনেকের সঙ্গে তাদের অভিভাবকরাও আসেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের গঠিত কমিটির আহ্বায়ক নাজমুল হক জানান, দুপুরের মধ্যে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবেন। এরপর সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবেন। তবে মেডিকেলের ভর্তি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে ‘ইতিবাচক’ কোনো আদেশ এলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তিচ্ছুরা। এক শিক্ষার্থীর অভিভাবক সুফিয়া রহমান শহীদ মিনারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা পদ্ধতি যদি বাতিল করতেই হয়, তাহলে শুধু মেডিকেলে কেন? বিশ্ববিদ্যালয় আর অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা রেখে কেবল মেডিকেলে ভর্তিতে এই বৈষম্য কেন?” আরেক শিক্ষার্থীর অভিভাবক স্বপ্না বেগম বলেন, “পরীক্ষা না নিয়ে কেবল এসএসসি ও এইচএসসির ফল দেখে ভর্তি করলে দুর্নীতি হবে। ভর্তির ক্ষেত্রে কোনো স্বচ্ছতাও থাকবে না। এতে অনেক মেধাবী বঞ্চিত হবে।” এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রোববার ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়। রাজধানীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকালে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে। মেডিকেলে ভর্তি পদ্ধতি পরিবর্তনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবারই হাই কোর্টে একটি রিট আবেদন করেন ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভে ‘কোচিং সেন্টারগুলোর ইন্ধন’ রয়েছে। সোমবার বিক্ষোভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে যে কোচিং সেন্টারগুলো ছাত্রদের বিক্ষোভে নামাচ্ছে। তারা পুরাতন পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলে ছাত্রদের মাঠে নামাচ্ছে।” বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া নয়টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে। এছাড়া ১৪টি প্রাইভেট ডেন্টাল কলেজে আসন রয়েছে ৮৭০টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২০ ঘ.