সাভার, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনদুর্ভোগের কারণ হওয়া সড়কগুলো মেরামত না করা হলে সংশিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও নবীনগর এলাকা পরিদর্শনে এসে ময়লা-আবর্জনা ও জলমগ্ন সড়ক দেখে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী দ্রুত মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ভাল কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, জনদুর্ভোগ বাড়ে এমন কোনো বিষয়ে আপোষ করা হবে না।
মন্ত্রী দাবি করেন, মানিকগঞ্জে সড়ক দুঘর্টনায় মিশুক মুনীর ও তারেক মাসুদ নিহত হওয়ার পর মহাসড়কের অনেকগুলো বাক সোজা করে মেরামত করা হয়েছে। ফলে দুঘর্টনাও অনেক কমে গেছে।
যানজট নিরসনে সাভার বাজার বাসস্ট্যান্ডে মহাসড়কের দুই পাশে কাঁচা বাজার ও হকারদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন কাদের। ফুটওভারব্রিজের ওপর থেকে হকারদের উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারকে নির্দেশ দিয়ে বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে আরেকটি ফুটওভারব্রিজ নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী।
মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইকের ছড়াছড়ি দেখে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইজিবাইক চলাচল বন্ধ করতে নির্দেশ দেন মন্ত্রী।
তবে মন্ত্রীর চলে যাওয়ার পর পরই আগের মতই মহাসড়কে ইজিবাইক চলাচল করতে দেখা যায়।
এর আগে মন্ত্রী গাবতলী বাস টার্মিনালে পরিদর্শন করেন। এ সময় যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ, ঢাকা জেলা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬৫৯ ঘ.
bdnews24