মুন্সীগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর জনতার অবরোধে ঢাকা-মাওয়া সড়কে গাড়ি চলাচল সোমবার বিকালে চার ঘণ্টা বন্ধ থাকে।
এতে ঈদের আগে দেশের অন্যতম ব্যস্ত ওই সড়কে দেখা দেয় তীব্র যানজট।
পুলিশ জানায়, শ্রীনগরের উমপাড়া এলাকায় ইলিশ পরিবহনের বিপরীতমুখী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়।
দুপুর পৌনে ২টায় এই দুর্ঘটনার পরপরই জনতা সেখানে গতিরোধক বসানোর দাবিতে সড়কে অবস্থান নেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকাল পৌনে ৬টায় যান চলাচল পুনরায় শুরু হয় বলে শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
এদিকে ঈদের আগে ওই সড়কে চার ঘণ্টা চলাচল বন্ধ থাকায় সড়কে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। রোজার মধ্যে এই যানজটে দূরগামী যাত্রীদের হাঁসফাঁস করতে দেখা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ঢাকাগামী বাসের যাত্রী শরীয়তপুরের রাশিদা বেগম (৪৮) এবং ওই বাসের চালক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল হান্নান (৩৫) ।
রাশিদা ঘটনাস্থলেই মারা যান। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর হান্নানের মৃত্যু হয়। আহতদের মিটফোর্ড এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পরপরই জনতা মহাসড়কে নামে। তারা গতিরোধক স্থাপনের দাবিতে বিক্ষোভ করতে থাকে।
সড়কে থাকা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিতে বেলা ৪টায় রেকার গেলেও জনতার বাধায় কাজ করতে পারেনি বলে ওসি জানান।
তিনি বলেন, “বাস দুটি না সরালে যান চলাচল করতে পারবে না বলে মাওয়া ঘাট থেকে জরুরি ভিত্তিতে রেকার আনা হয়। কিন্তু উত্তেজিত জনতার বাধার মুখে কাজ শুরু করা যাচ্ছিল না।”
মহাসড়ক পুলিশের পরিদর্শক ওজিয়ার রহমান জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি আগে গতিরোধক বা স্পিডব্রেকার ছিল। যোগাযোগমন্ত্রীর নির্দেশে কয়েকদিন আগে তা তুলে নেওয়া হয়।
ওই মহাসড়কে এই ধরনের ৪০টির বেশি গতিরোধক তুলে নেওয়া হয় বলে জানান তিনি। উত্তেজিত জনতার দাবি, গতিরোধক তুলে নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনাকবলিত দুটি বাসই বেপরোয়াভাবে চলছিল। আর এই কারণেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
জনতাকে শান্ত করতে এরপর স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথের প্রকৌশলী, সহকারী পুলিশ সুপারও ঘটনাস্থলে যান। তবে তারা জনতাকে সড়ক থেকে তুলতে পারছিল না।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ কোনো কাজই পুলিশকে করতে দিচ্ছিল না জনতা। তারা দাবি তোলে, আগে গতিরোধক বসাতে হবে, পরে অন্য কাজ।
এরপর ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও মোবাইল ফোনে কথা বলেন তিনি।
সরকারদলীয় সংসদ সদস্য সুকুমার ঘোষ সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিকভাবে মন্ত্রীর সঙ্গে কথা বলে স্পিড ব্রেকার বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।”
গতিরোধক বসানোর সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানোর পর পৌনে ৬টার দিকে জনতা অবরোধ তুলে নেয়।
সংসদ সদস্য সুকুমার ঘোষ বলেন, “মহাসড়কে যদিও স্পিড ব্রেকার কাম্য নয়, তার পরও স্পিড ব্রেকার আবার করা হচ্ছে।”
তবে তিনি ইলিশ পরিবহনের চালকদের বেপরোয়া চালনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এর আগেও এই পরিবহনটি মহাসড়কে রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটায়। চালকদের এমনভাবে বাস চালনো থেকে বিরত থাকতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24