চট্টগ্রাম/বরিশাল, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবিতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বরিশালেও মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ভর্তিচ্ছু প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকও কর্মসূচিতে অংশ নেন।
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না বলে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সরকারের সিদ্ধান্ত জানানোর পরদিনই বিক্ষোভ দেখাল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে এবার শিক্ষার্থী ভর্তি করা হবে বলে মন্ত্রী জানান। আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকতে হবে।
মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অবিলম্বে সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, মেডিকেলে ভর্তির জন্য গত এক বছর ধরে তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। শুধু জিপিএর ভিত্তিতে ভর্তি করা হলে অনেকে বঞ্চিত হবে।
তারা আরো বলেছে, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় তার ভিত্তিতে মেডিকেল কলেজগুলোতে ভর্তি করা হলে মফস্বলের অধিকাংশ শিক্ষার্থী বাদ পড়বে।
সংবাদ সম্মেলনে মৌমিতা দেব নামে এক শিক্ষার্থী বলেন, “মেডিকেলে ভর্তির জন্য গত বছর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে আমরা অনেকে কোচিং করেছি মেডিকেলে ভর্তির জন্য।”
বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন হয়। এতে সংহতি প্রকাশ করেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অর্ধশত অভিভাবক।
ছাত্রফ্রন্ট শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, হঠাৎ করে সরকারের এই ঘোষণায় কয়েক হাজার শিক্ষার্থীর স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে।
চট্টগ্রাম ও বরিশালের পাশাপাশি দিনাজপুরসহ কয়েকটি জেলায়ও মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এএইচ/এমআই/১৬৪১ ঘ.
bdnews24