আহসান হাবীব নীলু
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ১০ গ্রামের নারীদের হাতে তৈরি নকশী টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
মঙ্গাপীড়িত এ দশ গ্রামের গৃহবধূ, কলেজ-স্কুল পড়ুয়া ছাত্রীরা টুপি তৈরির কাজ করেন। তবে ঈদের সময়টাতে তাদের যেন দম ফেলারও সময় থাকে না।
কারিগররা জানান, দশ গ্রাম থেকে প্রতিবছর গড়ে প্রায় ৬০ হাজার টুপি ওমান, কুয়েত, সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়। সেখানে প্রতিটি টুপি বিক্রি হয় গড়ে এক হাজার টাকায়।
প্রায় এক যুগ আগে উলিপুর উপজেলার পাতিলাপুর গ্রামের মোর্শেদা বেগম (৩৫) স্থানীয় নারীদের টুপি তৈরির প্রশিক্ষণ দেন। এখন আশপাশের আরো নয় গ্রামের প্রায় ছয় হাজার মানুষ এ কাজের সঙ্গে যুক্ত বলে জানান কারিগররা।
পাতিলাপুর ও তার পাশের নাগরাকুড়া, হোকডাঙ্গা, থেতরাই, কুকুয়াপাড়া, চরুয়াপাড়া, দলদলিয়া, পাণ্ডুল, গুনাইগাছ, বাঙালি গ্রাম ঘুরে দেখা যায়, ঈদ সামনে রেখে প্রায় প্রতিটি বাড়িতেই নারীরা সুঁইয়ের ফোঁড়ে টুপিতে ফুটিয়ে তুলছেন নান্দনিকতা।
মোর্শেদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশম শ্রেণীতে পড়ার সময় তার বিয়ে হয়। স্বামী তখন টাঙ্গাইলে কাজ করতেন। বিয়ের পর তিনিও সেখানে গিয়ে একটি তোয়ালে কারখানায় ‘ডিজাইনার’ হিসাবে কাজ নেন। টুপি তৈরির কাজ শেখেন সেখানেই।
পাঁচ বছর পর ২০০০ সালে নিজের গ্রামে ফিরে মোর্শেদা নারীদের প্রশিক্ষণ দিয়ে টুপি বানানো শুরু করেন। প্রথমে একটি বেসরকারি সংস্থা তার কাছ থেকে ৫০টি টুপি নেয়। এতে সে সময় তার লাভ হয়েছিল প্রায় ১৫ হাজার টাকা।
“এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মেয়েরা আমার কাছে শিখতে আসতে শুরু করল। ধীরে ধীরে আশেপাশের দশ গ্রামে টুপি বানানোর কাজ শুরু হলো।”
প্রতিটি টুপির জন্য একজন কারিগর গড়ে ৩০০-৩৫০ টাকা পান। খরচ হয় ৪০-৫০ টাকা। আর মোর্শেদা কমিশন হিসাবে নেন ৩০-৪০ টাকা।
তিনি জানান, প্রতিটি গ্রামে টুপির কাজ ও মান দেখার জন্য একজন করে ‘সুপারভাইজার’ রাখা আছে। তিনি নিজেও গ্রামে গ্রামে ঘুরে কাজের তদারক করেন। ফেনীর দুজন ব্যবসায়ী এসব টুপি মধ্যপ্রাচ্যে পাঠান।
সারা বছরই টুপি তৈরির কাজ চললেও ধান কাটার মৌসুমে নারীরা ব্যস্ত থাকেন বলে উৎপাদন কমে যায়।
এই টুপির কল্যাণে মোর্শেদা এখন অনেকটাই স্বাবলম্বী। দুই মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। তার স্বপ্ন এখন ১০-১২ লাখ টাকা খরচ করে টুপি তৈরির রেশম কারখানা দেওয়া। এতে অনেক নারীর কর্মসংস্থান হবে বলে আশা করেন মোর্শেদা।
মিয়াপাড়ার সীমা (২২), হোকডাঙ্গার রোকসানা (১৯) ও খাদিজা (২০) জানান, মোর্শেদার কাছে প্রশিক্ষণ নিয়ে সংসারের কাজের ফাঁকে ফাঁকে টুপি বানিয়ে মাসে প্রায় হাজার টাকা রোজগার হয় তাদের। তবে যারা একটু বেশি সময় দিতে পারেন, তারা আয় হয় দেড় থেকে দুই হাজার টাকা।
গৃহবধূ আনোয়ারা (৫০), রূপালী (৫৫) ও সুরমা (৪০) জানান, টুপি তৈরির টাকা দিয়ে তারা সংসারেও সাহায্য করতে পারছেন।
থেতরাই হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী শাপলা বলেন, “স্কুল থেকে এসে কিছুক্ষণ টুপি বানাই। নিজের উপার্জন দিয়ে খাতা-কলম ও কাপড় জামা কিনি। বাবার ওপর চাপ হয় না।”
একই কথা বলেন উলিপুর মহিলা কলেজের বিএ ক্লাসের ছাত্রী আফরোজা পারভীন।
কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় টুপি শিল্পের বিকাশের বিশাল সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তারা এগিয়ে এলে এ বিকাশ দ্রুততর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/
bdnews24