২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নদী দখল’: রূপায়ণ গ্রুপের ৪০ লাখ টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদী দখল করে পোর্ট নির্মাণের অভিযোগে রূপায়ণ গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দখল করে পোর্ট নির্মাণের অভিযোগে রূপায়ণ গ্গ্রুপকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া সব ধরনের চলমান অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। এ আদেশ লঙ্ঘন করলে এসব স্থাপনা উচ্ছেদ ও জব্দ এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রোববার এ দণ্ড দেন। রূপায়ণ কর্তৃপক্ষ সোমবারের (১৩ অগাস্ট) মধ্যে জরিমানার টাকা পরিশোধ করবে বলে মুনীর চৌধুরী জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ও কুড়িপাড়া মৌজায় শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে রূপায়ণ গ্র“প বেসরকারি পোর্ট নির্মাণের লক্ষ্যে ২৭ একর জমিতে গত এক বছর ধরে কাজ করছে। রূপায়ণ পোর্ট অ্যান্ড লজিস্টিকস সার্ভিসেস লি. নামের একটি কন্টেইনার পোর্ট নির্মাণ করার লক্ষ্যে এখন আরসিসি পাইলিং নির্মাণের কাজ চলছে। পরিবেশ অধিদপ্তরের তদন্তে রূপায়ণ গ্র“প কর্তৃক নদীর অভ্যন্তরে সাত হাজার ৮৮ বর্গফুট দখল করার প্রমাণ পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ব্যাপারে শুনানিতে হাজির হতে রূপায়ণ কর্তৃপক্ষকে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। রোববার শুনানিকালে প্রতিষ্ঠানটির পক্ষে পরিচালক (প্রশাসন) আমিরুল হাসান এবং মহাব্যবস্থাপক খায়রুল আলম পরিবেশ অধিদপ্তরে উপস্থিত ছিলেন। শুনানিতে তারা জানান, এ প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। ইতোমধ্যে ২১০টি পিলার নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কার্যক্রমের ফলে শীতলক্ষ্যার গতিপথ পরিবর্তন এবং বর্ষাকালে নদীর প্রবাহ অবরুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও শীতলক্ষ্যা নদী প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা হওয়ায় এ ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে নদীর প্রতিবেশ রক্ষার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রাখা উচিত। “নদীর অস্তিত্বই যদি বিলীন হয়ে যায়, তবে ইনল্যান্ড পোর্ট নির্মাণের যৌক্তিকতা কোথায়? তাই নদীর নাব্যতা ধ্বংস কিংবা প্রবাহ সঙ্কুচিত করে কোনো উন্নয়ন কাজ করা যাবে না,” বলেন মুনীর চৌধুরী। এদিকে শুনানিতে রূপায়ণ গ্র“পের কর্মকর্তারা দাবি করেন, তাদের প্রতিষ্ঠান নদী দখল করেনি। তবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ যে বেআইনি তা তারা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৩ ঘ.