ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারের দেওয়া তালিকা অনুযায়ী হজযাত্রী পরিবহনের সময়সূচি ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
এ মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ৫৮২ জন যাত্রী নিয়ে প্রথম হজফ্লাইট চালাবে।
একইদিন সকাল সাড়ে ৯টায় যাত্রা করবে ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট। আর ২১ সেপ্টেম্বর বেলা একটা থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
সচিব জানান, হজযাত্রী পরিবহনে এই তিন সংস্থার সঙ্গে সোমবার চুক্তি করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)। কর্তৃপক্ষের বিমানবন্দর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হবে।
আতাহারুল ইসলাম জানান, এজন্য সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারের প্রতিনিধিরা রোববারই বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সোমবার ভোরে তারা বাংলাদেশে পৌঁছাবেন।
ঘোষিত সূচি অনুযায়ী, বিমান যাত্রীপরিবহন শুরু করবে ১৭ সেপ্টেম্বর। শেষ হবে ২২ অক্টোবর। হজপরবর্তী ফ্লাইট শুরু হবে ১ নভেম্বর। শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
নাস এয়ারের হজযাত্রী পরিবহন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৯ অক্টোবর শেষ হবে। তাদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোরব, শেষ হবে ২৮ নভেম্বর।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শুরু করবে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২২ অক্টোবর। হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর।
প্রতি বছর জমজম কুয়ার পানি আনা নিয়ে হাজীদের মধ্যে অসন্তোষ থাকে উল্লেখ করে সচিব বলেন, “এবার প্রত্যেক হাজীর জন্য ১০ লিটারের প্যাকেটজাত জমজমের পানির ব্যবস্থা করা হয়েছে।”
হজযাত্রী নিয়ে সৌদি আরবে যাওয়া প্রতিটি ফ্লাইটেই এসব পানির বোতল দেশে এনে হজ-ক্যাম্পে মজুদ রাখা হবে। এখানেই তা হাজিদের বিতরণ করা হবে।
এ বছর মোট এক লাখ ১২ হাজার ৫৬৮ জন বাংলাদেশ থেকে হজে যাবেন। এর মধ্যে অর্ধেকই যাবেন বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এজন্য বিমান প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহনের প্রস্তুতি চূড়ান্ত করেছে।
সচিব বলেন, বাকি যাত্রী বহন করবে সৌদি কর্তৃপক্ষের অনুমোদিত সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ার। তারা ভাগাভাগি করে যাত্রী পরিবহন করবে। নির্ধারিত ফ্লাইটের পাশাপাশি বিশেষ ফ্লাইটেও তারা যাত্রী বহন করবে।
নাস এয়ারের বিরুদ্ধে গত বছর বিমানবন্দর ও হোটেলে যাত্রীদের আট থেকে ১৫ দিন পর্যন্ত আটকে রেখে যাত্রী হয়রানি এবং দুর্ভোগ সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ সংস্থাটিকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তারা আগেই সৌদি কর্তৃপক্ষের অনুমোদন এবং হজযাত্রী পরিবহনের সময়সূচি নির্দিষ্ট করে অনুমতি নিয়ে এসেছে।
“গতবার বিশেষ কারণে শেষ মুহূর্তে নাস এয়ারকে হজযাত্রী পরিবহনের সুযোগ দিতে হয়েছিল। এজন্য তারা ঠিকমতো যাত্রী পরিবহন করতে পারেনি। তাদের সমস্যাগুলো সৌদি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে”, বলেন সচিব।
তবে এবার এ ধরনের কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন সচিব। তিনি বলেন, নাস এয়ারসহ তিনটি বিমান পরিবহন সংস্থা এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সঙ্গে সমন্বয় করে কাজ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।
হজযাত্রী পরিবহনে অনিশ্চয়তা নেই
এর আগে বিমান মন্ত্রী ফারুক খান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এবার হজযাত্রী পরিবহন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
“তিনমাস আগে অনিশ্চয়তা ছিল। যখন বিমান ইজারা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু বিমান একটি উড়োজাহাজ ইজারা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত করেছে। তাই এখন আর কোন সমস্যা নেই”, যোগ করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৬২০ ঘ.
bdnews24