ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে একটি মামলায় একুশে টেলিভিশনের পরিচালক ও চেয়ারম্যান আবদুস সালামকে তলব করেছে আদালত।
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের দায়ের করা মামলাটি আমলে নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক রোববার এই আদেশ দেন। আবদুস সালামকে আগামী ১১ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলেছেন তিনি।
এনবিআরের উপ কর কমিশনার মো. বজলুর রহমান খান রোববার সকালে মামলাটি দায়ের করার পর আদালত তার জবানবন্দি গ্রহণ করে।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬-০৭ এবং ২০০৮-০৯ করবর্ষে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন আবদুস সালাম।
এর আগে এনবিআরের উপ কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল গত ২০ মার্চ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
ওই মামলায় বলা হয়, আসামিরা ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। এ বিষয়ে তাদের নোটিশ দেওয়া হলেও তারা পালন করেননি।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গত ৭ জুন এ মামলায় অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর নির্দেশ দেন।
তবে হাই কোর্টের নির্দেশে ওই মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত রয়েছে বলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪৪০ ঘ.
bdnews24