ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে এক ছাত্রলীগ নেতাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি এমএম মোরশেদ জানান, শনিবার মধ্যরাতে রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ চৌধুরী (২৮) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
এমএম মোরশেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিল্টন চৌধুরী এবং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল জাহাঙ্গীর ও মোহাম্মদ ইলিয়াসের সমর্থকদের মধ্যে রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের মধ্য ঘাগড়া এলাকায় হামলার শিকার হন রাশেদ। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাশেদের মৃত্যু হয় বলে ওসি জানান।
এমএম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা রাশেদের ওপর হামলা চালিয়েছে তা জানা না গেলেও সংঘর্ষের জেরেই এটা ঘটেছে বলে ধারণা করছি আমরা।”
স্থানীয় এক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. ইলিয়াসের আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা চলছে বেশ কিছুদিন ধরে। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিল্টন চৌধুরীর সঙ্গে অন্যদের বিরোধ চলছিল।
এর জের ধরেই শনিবার রাতে সংঘর্ষ বাঁধে বলে ওই সাংবাদিক জানান। স্থানীয়রা জানান, নিহত রাশেদ চৌধুরী মিল্টন চৌধুরীর অনুসারী ছিলেন।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২০২ ঘ
bdnews24