২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবেশ রক্ষা না করে উন্নয়ন সম্ভব নয়’

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, পরিবেশ রক্ষা না করে দেশের উন্নয়ন সম্ভব নয়। অনেকে শিল্পের নামে পরিবেশ নষ্ট করে আর্থিক সুবিধা নিচ্ছে। এটা ঠিক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, পরিবেশ রক্ষা না করে দেশের উন্নয়ন সম্ভব নয়। অনেকে শিল্পের নামে পরিবেশ নষ্ট করে আর্থিক সুবিধা নিচ্ছে। এটা ঠিক নয়। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ত্রিবর্দী এলাকায় চৈতী গ্রুপের বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। চৈতী কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁও পৌরসভার প্যানেল মেয়র রোকসানা আক্তার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমুখ। পরে মন্ত্রী চৈতী কম্পোজিট লিমিটেডের কারখানায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৈনিক ৫,০০০ ঘনমিটার বর্জ্য পরিশোধন ক্ষমতা সম্পন্ন বায়োলজিক্যাল ই.টি.পি প্ল্যান্টের উদ্বোধন করেন। বর্তমান সরকারের আমলে ব্যবসা-বাণিজ্যে দেশ যথেষ্ট ভালো করছে দাবি করে জিএম কাদের বলেন, দেশের প্রধান সমস্যা কর্মসংস্থান। এসব শিল্প কারখানাই পারে মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে। “অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশে শিল্পায়ন প্রয়োজন। একইভাবে শিল্প প্রতিষ্ঠান গুলোকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। পরিবেশ দূষিত হলে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১২৯ ঘ.