বরিশাল, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে শনিবার বরিশাল নগরীর মাছের আড়তে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পোর্ট রোড সংলগ্ন মাছের আড়তে বিক্রেতা জাকির হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক এমএ মজিদ।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টায় মৎস্য আড়তে আফ্রিকা অঞ্চলের রাক্ষুসে প্রজাতির পিরানহা মাছ বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক এমএ মজিদ সেখান থেকে ১২০ কেজি পিরানহা মাছ উদ্ধার করে স্থানীয় এতিমখানায় পাঠিয়ে দেন।
মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান আরো বলেন, ২০০৭ সালে বাংলাদেশ সরকার পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ করে। অন্য সব প্রজাতির মাছ খেয়ে ফেলে বলে এ আদেশ দেওয়া হয়।
তবে খাবার হিসেবে এ মাছ নিষিদ্ধ নয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১১৮ ঘ.
bdnews24