রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগ পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
স¤প্রতি উচ্চ আদালতে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
ওই আদেশে রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এসব নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়।
১ অগাস্ট আদেশ জারির ১০ দিনের মাথায় শনিবার তৃতীয় শ্রেণির কর্মচারীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ নিয়ে গত ১ অগাস্ট হাইকোর্টে রিট আবেদন করেন শহীদ হবিবুর রহমান হলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া নিম্নমান সহকারী মাসুদুর রহমান।
আট বছর আগে অস্থায়ী নিয়োগ পান মাসুদুর রহমানসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১০ জন কর্মচারী। তাদেরকে স্থায়ী না করে ওইসব পদেই আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে ‘বঞ্চিত কর্মচারীদের’ পক্ষে মাসুদুর রহমান উচ্চ আদালতে রিট আবেদনটি করেন।
শুনানি শেষে আদালত আদেশ দেয় যে, রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারী নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে। সেইসঙ্গে ২০০৯ সালের পর থেকে নিয়োগ দেওয়া ২৭৫ কর্মচারীর নিয়োগ কেন অবৈধ হবে না- তা জানাতে বিশ্ববিদ্যালয়কে তিন সপ্তাহের সময় দেয় আদালত। আদালতের এই আদেশ জারি হয় গত ১ অগাস্ট।
বাদীর আইনজীবী ওইদিন তা ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঠিয়েও দেন।
শনিবার তৃতীয় শ্রেণি পদমর্যাদার নিম্নমান সহকারী, উচ্চমান সহকারী ও হল তত্ত্বাবধায়ক পদে প্রার্থীদের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের কয়েকটি কক্ষে এই নিয়োগ পরীক্ষায় অংশ নেয় কয়েকশ’ চাকরিপ্রার্থী।
বিশ্ববিদ্যালয় সংস্থাপন দপ্তরের উপ-রেজিষ্ট্রার আব্দুল মজিদ নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চারটি পর্যায়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তবে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কেন নিয়োগ পরীক্ষা নেওয়া হলো- এই প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি।
এদিকে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালতের নির্দেশ না মানার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালত অবমাননার অপরাধ করলো। এটি নিয়ে নতুন করে আইনের আশ্রয় নেবো।”
রিট আবেদনকারী মাসুদ বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কার্যক্রম সত্যি ভাবনার বিষয়। প্রশাসন আদালতকে অবমাননা করেছেন।
অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী ও তার আইনজীবীর এমন বক্তব্য মানতে নারাজ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী দাবি করেছেন, তারা এখনো আদালতের কাছ থেকে এমন স্থগিতাদেশ বিষয়ে কোনো চিঠি পান নি।
তিনি বলেন, “চিঠিই যেহেতু পাই নি, কাজেই আদালত অবমাননার কোনো প্রশ্নই আসে না। এমন আদেশের চিঠি এলে আমরা অবশ্যই আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেবো।”
বিশ্ববিদ্যালয়ের আইন পরামর্শক অধ্যাপক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আদালতের আদেশ পেলে সেই বিষয়ে যথাযথ সদুত্তর দেওয়া হবে।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের বক্তব্য জানতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০৭ ঘ.
bdnews24