চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডা. খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের চত্বরকে পূর্ব বাংলার প্রথম মুসলিম চিকিৎসক ডা. এম এ হাসেমের নামে নামকরণ করা হয়েছে।
শনিবার সকালে জামাল খান মোড়ে অবস্থিত ডা. এম এম হাসেম স্কোয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, দেশভাগ আন্দোলন, তৎকালীন সরকারের শিক্ষা সংকোচন বিরোধী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ডা. হাসেম পরোক্ষভাবে সবার সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন।
ডা.এম এ হাসেমের ৪২তম মৃত্যু বার্ষিকীতে এই স্কয়ারের নামকরণ করা হলো।
আগামীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক মাষ্টার দা সূর্য সেন, প্রীতিলতার মতো খ্যাতিমানদের নামে নগরীর সড়ক ও চত্বরের নামকরণ করার ঘোষণা দেন মেয়র।
সিসিসি ও ডা. এম এ হাসেম স্মৃতি সংসদের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সিসিসি কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে রাউজান উপজেলা চেয়াারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাজনীতিক শাহ আলম, সিসিসি প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন,কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষাণ, শিল্পী অলক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০১১ ঘ.
bdnews24