ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিও ভুক্তির জন্য সরকারকে ১৬ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ।
দাবি পূরণ না হলে আগামী ২ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে তারা।
শনবিার ঢাকার তোপখানা রোডে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মো. হানিফ উল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে সরকারকে নিন্দা ও ধিক্কার জানাতে ঈদের দিনও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
অন্যদের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক একেএম জহিরুল হক, এসএম শাজাহান, ওয়ারেসুল ইসলাম সিদ্দিকী এবং নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আলমগীর কবীর ও সাধারণ সম্পাদক এম সুশান্ত এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৩৯ ঘ.
bdnews24