ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরগুলোর মতো এই ঈদ মৌসুমে রাজধানীর বিপণি বিতানগুলোতে ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও বিক্রি বেড়েছে দেশীয় সুতি কাপড়ের।
শুক্রবার রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চকসহ একাধিক বিপণি বিতানের বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
গাউছিয়া সুপার মার্কেটের আঁখি ফ্যাশনের মালিক নাজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতীয় পোশাক চলছে, তবে অন্য বছরের তুলনায় এ বছর দেশি সুতি পোশাকের বিক্রি ভালো।”
একই কথা বলেছেন শতরূপা ফ্যাশনের আবির, নববধূ ফ্যাশনের কামালও।
নিউ মার্কেটে কেনাকাটায় যাওয়া ঢাকা ইডেন কলেজের ছাত্রী কাকলী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুতি কাপড়ের দিকেই বেশি প্রাধান্য দিচ্ছি। এবার গরমের সময় রোজার ঈদ হচ্ছে, তাই এই আবহাওয়ায় সুতির কাপড়ই ভালো।”
ভারতীয় পোশাকে বিক্রি প্রসঙ্গে গাউছিয়া মার্কেটের বিক্রেতা ইব্রাহিম খলিল বলেন, এবছর ভারতীয় যে ব্র্যান্ডগুলো বাজারে এসেছে সেগুলো হল ঝিলিক, খুশি, মল্লিকা, মানভি, এজেন্ট বিনোদ, রাজকুমারী মান্নতা, এক থা টাইগার প্রভৃতি। এছাড়া গত ঈদের আনারকলি এই বছরও ভালোই চলছে।
ইন্ডিয়ান নেটের তৈরি ফুল ঘেরওয়ালা এই থ্রিপিসগুলোর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। একই ব্রান্ডের বিভিন্ন ক্যাটাগরির পণ্যের দাম বিভিন্ন রকম।
বাংলাদেশ ফ্যাশন মেকারের মালিক টুটুল আহমেদ বলেন, “মার্কেটে তিন হাজার টাকার ঝিলিকের থ্রিপিস যেমন রয়েছে, তেমনি ২৫-৩০-৫০ হাজার টাকার ঝিলিক থ্রিপিসও রয়েছে। অন্যান্য ব্র্যান্ডেরও একই অবস্থা।”
তবে চাহিদা বেশি ১২ থেকে ১৬ হাজার টাকার থ্রিপিসের, জানান তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকেই নিউ মার্কেট এলাকায় ব্যাপক ভিড় দেখা যায়। ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন বিক্রেতারা। একই অবস্থা দেখা যায় চাঁদনী চকেও।
চাঁদনী চকের গোধূলী ফ্যাশনের মালিক সুজন বলেন, “অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে কাপড়ের দাম কম, তাই ক্রেতাদের ভিড়ও বেশি। এখানে যে কাপড় ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে, ইস্টার্ন প¬াজা, বসুন্ধরা সিটিতে একই কাপড় ২২ হাজার টাকা।”
তিনি জানান, অন্যান্যবার ভিড় বেশি হয় ২৫ রোজার পর থেকে। কিন্তু এবার ১৫ তারিখ থেকে ছুটির কারণে ১৮ রোজা থেকেই ভিড়।
“আমরা রোববার পর্যন্ত টার্গেট (জমজমাট বিক্রির) নিয়েছি, কারণ এবার ছুটিতে মানুষ আগে আগেই ঢাকা ছাড়বে,” বলেন তিনি।
তবে বাজারে এবার কাপড়ের দাম বেশি বলে অভিযোগ করেছেন একাধিক ক্রেতা। মেয়ের জন্য থ্রিপিস কিনতে আসা আসমা আক্তার বলেন, “এবার কাপড়ে দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। গত বছর যে কাপড় ১৮০০ টাকায় কিনেছি, এবার সেই একই কাপড়ের দাম ৩০০০ টাকা।”
একই অভিযোগ করেছেন আবিদা সুলতানা, শামীমা পারভিন, কাকলী সুলতানা এবং শাহজাহান কামালও।
ক্রেতাদের এই অভিযোগে বিক্রেতাদের বক্তব্য, তারা মধ্যবিত্তের ‘নাগালের’ মধ্যেই কাপড়ের দাম হাঁকছেন।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সি ক্রেতারা দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন।
এ মার্কেটের বিক্রেতাদের দাবি, মধ্যবিত্তের আয়ের কথা চিন্তা করে পোশাকের দাম নির্ধারণ করেছেন তারা।
দেশালের বিক্রয় প্রতিনিধি রোমিও আদিত্যা জানান, তাদের দোকানে তরুণ-তরুণীদের ভিড়ই বেশি। “তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে থ্রি পিস ও শাড়ি, ছেলেরা সংগ্রহ করছেন পাঞ্জাবি। বাচ্চাদের পোশাকের মধ্যে ফতুয়া ও টপস বেশি বিক্রি হচ্ছে,” বলেন তিনি।
নিত্য উপহারের বিক্রয় প্রতিনিধি ইসরাত জামান জানান, ছেলেদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে সাড়ে ৬শ থেকে সাড়ে ৮শ টাকার মধ্যে, মেয়েদের থ্রি পিস ৯শ থেকে ১৪শ টাকা, জিনস প্যান্ট ৮শ টাকা এবং স্পোর্টস পোলো শার্ট সাড়ে ৩শ টাকায়।
আজিজ মার্কেটে টি শার্টের বেশ চাহিদা। নতুন পণ্য হিসেবে হুমায়ূন আহমেদ ও হিমু টি শার্ট বিক্রি হচ্ছে ২শ টাকায়। চাহিদার মধ্যে এংরি বার্ডস, টিনটিন, পাপাই, পিংক ফ্লয়েডও রয়েছে বলে জানান স্বপ্নবাজের বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান।
এলিফ্যান্ট রোডে প্যান্টের দোকানগুলোতেও দেখা গেলো ক্রেতাদের দীর্ঘ লাইন। জিন্স প্যান্টের দোকান মিলানোর ব্যবস্থাপক জাকির হোসেন জানান, বিদেশি জিন্স প্যান্ট মান ভেদে ১৫শ থেকে ২২শ টাকায় বিক্রি হচ্ছে।
তবে এই বছরের বিক্রিতে সন্তুষ্ট নন জাকির। তিনি বলেন, “আশা করছি, সামনের দিনগুলোতে ভালো বিক্রি করতে পারব।”
জমজমাট জুতার বাজার
ঈদকে সামনে রেখে রোজার তৃতীয় শুক্রবার নতুন জুতার জন্য দোকানে দোকানে ব্যাপক ভিড় দেখা যায়। এলিফ্যান্ট রোডের বাটার একটি শোরুমে কথা বলে জানা যায়, এই ঈদে বাটা নতুন ডিজাইনের ৮শ জুতা এনেছে।
শোরুমের ব্যবস্থাপক নিজামউদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য ডিজাইনের বাইরে এবার বাচ্চাদের লাইটিং শু এর চাহিদা ভাল। সর্বোচ্চ ১৫শ টাকার মধ্যে এই জুতার বিক্রিই সবচেয়ে বেশি।”
এছাড়া দামি জুতার মধ্যে বাটার বাইরের ব্র্যান্ড হাশ পাপির বিক্রিও ভাল বলে জানান তিনি। ৫ হাজার টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকার মধ্যে হাশ পাপির জুতা পাওয়া যাচ্ছে।
অ্যাপেক্স শোরুমের ব্যবস্থাপক কামরুজ্জামান মৃধা জানান, গরমের কারণে এবারের বিক্রির শতকরা ৮০ শতাংশই স্যান্ডেল এবং কনভার্স। ঈদকে সামনে রেখে অ্যাপেক্সের নতুন ডিজাইনের সংখ্যা চারশ।
এগুলোর বাইরে সুলভমূল্যের দোকানগুলোতেও ছিল সমান ভিড়। তবে এই দোকানগুলোতে গতবারের চেয়ে বিক্রি কম বলে জানালেন বিক্রেতারা।
কারণ হিসাবে জুতার দোকান ‘জেরিন বাজার’ এর মালিক শাহাদাত হোসেন বাদল বলেন, “আমরা সাধারণত চীন ও থাইল্যান্ড থেকে জুতা ইমপোর্ট করি। এর আগে যে জুতা ১৫শ/১৬শ টাকায় বিক্রি করেছি, ডলারের দাম বেড়ে যাওয়ায় তাই এখন বিক্রি করতে হচ্ছে ২২শ/২৩শ টাকায়। এতে আমদানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম বেশি হওয়ায় ক্রেতাও কমেছে।”
চাহিদা বেড়েছে ল্যাপটপ ও মোবাইলের
ঈদকে সামনে রেখে পোশাক ও জুতার পাশাপাশি এই বছর ল্যাপটপ এবং মোবাইল ফোনের চাহিদার কথাও শোনা যায় ক্রেতা-বিক্রেতাদের কাছে।
এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের এসার মাল্টিমিডিয়ার ব্যাবস্থাপক মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত ঈদ মৌসুমে ইলেক্ট্রনিক্স পণ্যের চাহিদা কম থাকলেও এ বছর ল্যাপটপের চাহিদা বেশ দেখা যাচ্ছে। ঈদ উৎসববে সামনে রেখে অনেকেই আসছেন। চাহিদা এবং বিক্রির কথা মাথায় রেখে বিশেষ মূল্যছাড়ও দেওয়া হচ্ছে।”
রমজানের শেষ ১০ দিনে বিক্রি তুলনামূলক বেশি হবে বলে মনে করছেন তিনি।
হাতিরপুল এলাকার ইন্টার্ন প্লাজায় মোবাইল ফোনের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা যায়।
এ মার্কেটের সারাহ কমিউনিকেশনসের বিক্রয় প্রতিনিধি মুহিদুল বলেন, “ঈদে অনেকেই আসছেন মোবাইল ফোন কিনতে। বিভিন্ন চাইনিজ স্মার্ট ফোন, মাল্টিমিডিয়া মোবাইল ফোনের চাহিদা বেশি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এসডব্লিউ/এমআই/১১৫০ ঘ.
bdnews24