২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১৩

তারাবির নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে আসার সময় বজ্রপাত হয়। এতে কয়েকজন ঘটনাস্থলে এবং কয়েকজন হাসপাতালে আনার পথে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সুনামগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে মারা গেছে ১৩ জন। আহত হয়েছে আরো ১৫ জন। শুক্রবার রাত ৯টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের মসজিদের সামনে হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বজ্রপাতে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বাদশা মিয়া (১৪), নূর ইসলাম (৫০), তাহের আলী (৫৪), আকিক মিয়া (৫৫), নজরুল ইসলাম (৫৫), হযরত আলী (২২), রিপন (২০), মানিক (২০), নুরুল ইসলাম (২৪), মসজিদের ইমাম শাহাব উদ্দিন (৫৫), মজনু মিয়া (২৮), গফুর মিয়া (৭৫) ও নূর মিয়া (৫৫)। জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আহমদ সাংবাদিকদের বলেন, “রাতে তারাবির নামাজ শেষ হলে মুসল্লিরা যখন মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন, তখনই বজ্রপাত হয়।” দুর্গম ওই হাওর এলাকায় বজ্রপাতে কয়েকজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে আনার পথে ট্রলারে মারা যান বাকিরা। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ধর্মপাশা থানার ওসি বায়েস আহমদ জানিয়েছেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১৫ ঘ.