২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মণিহারের পর্দায় সিনেমা এ ঈদেই

প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী ঈদের দিনই ফের চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ মণিহার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী ঈদের দিনই ফের চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ মণিহার। চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার কারণে গত ২১ জুলাই যশোরের এ সিনেমা হলটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। মণিহার সিনেমার ব্যবস্থাপক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগের সমস্যাগুলো নিরসনের আশ্বাস দিয়েছেন। আশা করছি, ঈদের দিন থেকেই আবার সিনেমা হলটি চালু করা সম্ভব হবে।” তিনি জানান, বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা আর মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে গত মাসে অনির্দিষ্টকালের জন্য প্রেক্ষাগৃহটি বন্ধ করা হয়। বন্ধ ঘোষণার নোটিশে বলা হয়, “সিনেমা হলে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের অব্যাহত হামলা, চাঁদা দাবি এবং হল মালিককে প্রাণনাশের হুমকি প্রদান ইত্যাদি কারণে সিনেমা হলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।” এ বিষয়ে বার বার আইনের আশ্রয় নিলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় অনেকটা নিরুপায় হয়ে যশোরসহ এ অঞ্চলের মানুষের বিনোদনের শেষ জায়গাটিও বন্ধ হচ্ছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে শামীম বলেন, “সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পরই সিনেমা হলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনও আমাদের সহযোগিতা করছে।” ঈদে ‘খোদার পরে মা’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে হলটি পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তিনি জানান, কয়েক মাস আগেও চাঁদা দাবিতে স্থানীয় একটি সন্ত্রাসী গ্র“প সিনেমা হলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সে সময়ও কয়েক দিন হলটি বন্ধ ছিল। ১৯৮৩ সালের ৮ই ডিসেম্বর চালু হওয়ার পর মণিহার সিনেমা হল ব্যাপক পরিচিতি লাভ করে। চলচ্চিত্রপ্রিয় মানুষের কাছে হলটি দর্শনীয় স্থানে পরিণত হয়। গত ২৮ জুন জাতীয় সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের দেওয়া তথ্য অনুসারে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। তখন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “দেশে লাইসেন্সপ্রাপ্ত ১২শ’ সিনেমা হলের মধ্যে ৭৫০টিই বন্ধ হয়ে গেছে। সিনেমা হল মালিকরা কম মুনাফার এ ব্যবসা ছেড়ে লাভজনক অন্য ব্যবসায় ঝুঁকছেন। তারা সিনেমা হল ভেঙে এখন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এএইচ/১৯৩৭ ঘ.