গাজীপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে দু’টি পোশাক কারখানায় শুক্রবার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছে।
কারখানা দুটি হলো- কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ‘আহসান কম্পোজিট লিমিটেড’ ও গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকার ‘ল্যাভেন্ডার’।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবীর হোসেন জানান, আহসান কম্পোজিট লিমিটেড-এর শ্রমিকরা চলতি মাসের অর্ধেক বেতন ও মূল বেতনের সমপরিমাণ বোনাসের দাবিতে সকাল ১০টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালায়।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পাশের পল্লীবিদুৎ-মাটিকাটা আঞ্চলিক সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এসময় তারা কয়েকটি রিকশা ভাঙচুর করে।
গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ওই কারখানায় গিয়ে শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সড়িয়ে দিলে বেলা ১১টার দিকে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে গিয়ে আবারো বিক্ষোভ করতে থাকে। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নিয়ে আগামী রোববার বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার প্রশ্রিুতি দিয়ে কারখানা শুক্রবারের জন্য ছুটি ঘোষণ করলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি চলে যায়।
এদিকে গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকায় ল্যাভেন্ডার এর শ্রমিকরা চলতি মাসের ১৫দিনের বেতনের দাবিতে দুপুরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসলে শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয় বলে জানিয়েছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০১ ঘ.
bdnews24