রংপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলার এক সপ্তাহ পর শুক্রবার রংপুর নগরীর এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত বায়েজিদ ফারুখ মুরাদ (২৮) কেরানীপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে।
দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার রাতে (৩ অগাস্ট) এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ মিলন ও সুমনসহ কয়েকজন যুবক তাদের বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুরাদকে গুরতর আহত করে।
রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহসপতিবার (৯ অগাস্ট) রাতে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে শুক্রবার ভোরে তার মুত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আগেই মুরাদের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এখন এটি হত্যা মামলা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৪ ঘ.
bdnews24