নারায়ণগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে মারা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নন্দলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম রাজা মিয়া (৪৫)। তার ছেলে জামানও (২৫) পিটুনিতে আহত হয়েছে।
রাজা মিয়াকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। এতে রিপন নামে স্থানীয় এক যুবক জড়িত বলে তাদের অভিযোগ।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, সকাল ৭টার দিকে মোবাইল চুরির অভিযোগ এনে রিপনের নেতৃত্বে কয়েকজন জামান ও তার বাবা রাজা মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করে।
পরে স্থানীয়রা রাজা মিয়া ও তার ছেলে জামানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে রাজা মিয়ার মৃত্যু হয় বলে ওসি জানান।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24