সিলেট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এই দণ্ডাদেশ দেন বিশ্বনাথ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন।
দণ্ডিত মানিক চন্দ্র দাস (২০) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের মৃত মাখন চন্দ্র দাসের ছেলে।
বিশ্বনাথ থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদরের রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মানিক প্রায়ই উত্ত্যক্ত করত। দুপুরে আল-হেরা শপিং সিটি এলাকায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেল স্থানীয়রা মানিককে আটক করে।
এরপর ভূমি কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মানিককে ছয় মাসের কারাদণ্ড দেন বলে পুলিশ কর্মকর্তা আজাদ জানিয়েছেন।
দণ্ডাদেশের পর মানিককে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24