২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম স্টেশনে হাজার হাজার যাত্রীর দুর্ভোগ

ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনার কারণে চট্টগ্রাম রেল স্টেশনে ঢাকা-সিলেটসহ বিভিন্ন রুটের প্রায় পাঁচ হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনার কারণে চট্টগ্রাম রেল স্টেশনে ঢাকা-সিলেটসহ বিভিন্ন রুটের প্রায় পাঁচ হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। এখনো ঈদের প্রায় দশদিন বাকি থাকলেও বৃহস্পতিবার থেকে জন্মাষ্টমীর ছুটি শুরু হওয়ায় দূরপাল্লার অনেক যাত্রীই বন্দরনগরী ছাড়তে শুরু করেছেন। ঈদের কয়েকদিন আগে এ দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে ৬টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রামমুখী তিনটি ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে। বাতিল করা হয় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের যাত্রা। এতে স্টেশনে আসা যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। সকাল থেকেই প্রচ- গরমে নারী-পুরুষ-শিশুরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে ট্রেন ছাড়ার। চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার সামশুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রুটে চলাচলের জন্য নির্ধারিত ট্রেনগুলোতে করে প্রায় পাঁচ হাজার যাত্রী পরিবহনের কথা। সরজমিনে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা যায়, মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেসের ট্রেন দুটি লাইনে দাঁড়িয়ে আছে। বগির ভেতরে ও বাইরে যাত্রীরা অপেক্ষা করছে। এছাড়া বাকি ট্রেনগুলো লাইনে না আসায় হাজার হাজার যাত্রী স্টেশন ও প্ল্যাটফরমে পত্রিকা-চাদর বিছিয়ে তাতে বসে ট্রেনের প্রতীক্ষা করছে। বৃহস্পতিবার সকাল সাতটায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছাড়ার কথা থাকলেও সাড়ে পাঁচ ঘন্টা পর বেলা সাড়ে ১২ টায় ছাড়ে, মহানগর প্রভাতী সকাল সাড়ে সাতটার বদলে ছাড়ে বেলা পৌনে একটায়। সকাল সাড়ে ছয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত স্টেশনে অপেক্ষায় ছিলেন ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী বেসরকারি ব্যাংক কর্মকর্তা মহিদুর রহমান। অপেক্ষারত অবস্থায় চট্টগ্রাম রেল স্টেশন প্ল্যাটফরমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সেহরি শেষ করে ভোরে স্টেশনে এসে জানতে পারি দুর্ঘটনার কথা। আজ দুপুরে ঢাকা পোঁছে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করার কথা। জানি না সন্ধ্যার মধ্যে ঢাকা পৌঁছানো যাবে কি না।” কখন ট্রেন ছাড়বে সে আশায় ট্রেনের বগিতে অনিশ্চিত অপেক্ষায় ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফৌজদারহাটে একটি লেভেল ক্রসিংয়ে ময়মনসিংহ থেকে আসা নাসিরাবাদ এক্সপ্রেস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ। আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। সকালে ঢাকামুখী মহানগর প্রভাতীর যাত্রী রতন সাহা বলেন, অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। জানি না আরো কত ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে। এ বিষয়ে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার এ এ সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের কর্মীদের যথাসাধ্য চেষ্টার পর দুপুর সাড়ে ১২ টায় ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো সমস্যা না হলে হয়তো সন্ধ্যার মধ্যে ট্রেনটি ঢাকা পোঁছাতে পারবে। তবে দ্রুত অন্য ট্রেনগুলো যাতে ছেড়ে যায় সে চেষ্টা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৯০৩ ঘ.