সাভার, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নবীনগরে একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জালালাবাদ মডেল টাউনে একটি দোতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন।
নিহত রীনা বেগম (৪০) ওই ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। তার বাড়ি খুলনায়। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোফাজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো সময় মাথায় আঘাত করে রীনাকে হত্যা করা হয়।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ কর্মকর্তা মোফাজ্জলের ধারণা হয়েছে, রীনার বাড়িতে দেহব্যবসা চলত। এ থেকে কোনো গণ্ডগোলে তাকে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫২ ঘ.
bdnews24